সিলেট, ২৬ সেপ্টেম্বর: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যের ছোঁড়া গুলিতে এক পরিচ্ছন্নকর্মী আহত হয়েছেন। আহত রুবেল আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে। আনসার সদস্য মো. মোজাম্মেল হক গাড়ি নিয়ে রানওয়েতে টহল দিচ্ছিলেন। পাখি তাড়াতে তিনি শর্টগান থেকে গুলি ছুঁড়েন। গুলিটি পাশে থাকা পরিচ্ছন্নকর্মী রুবেলের কোমড়ে লাগে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, পাখি তাড়াতে গাড়ি থেকে নেমে গুলি ছোড়ার নিয়ম রয়েছে। মোজাম্মেল গাড়িতে বসেই গুলি ছুঁড়েন। এতে দুর্ঘটনাটি ঘটে।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, বিষয়টি ইচ্ছাকৃত নয়। দুর্ঘটনাবশত ঘটেছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, পরিচ্ছন্নকর্মীর আঘাত তেমন গুরুতর নয়। এ ঘটনায় নিয়মের কোনো ব্যত্যয় বা গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা হবে।
ঘটনার পর সিলেট জেলা কমান্ড্যান্ট ও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর জড়িত আনসার সদস্যকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অপসারণ করা হয়। বিধি মোতাবেক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দায়িত্ব পালনের সময় নিরাপত্তাবিধি ও সতর্কতামূলক ব্যবস্থা যথাযথভাবে অনুসরণের বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে নিশ্চিত করা হবে।
বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়ানোর কাজ নিয়মিত। তবে নিরাপত্তাবিধি মেনে না চললে এমন দুর্ঘটনা ঘটতে পারে। কর্তৃপক্ষ এখন তদন্ত চালাচ্ছে।







