ঢাকা, সোমবার: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ই-কমার্স প্ল্যাটফর্ম ঘরের বাজারকে ৭ লাখ ৮৭ হাজার ৫১৪ টাকা জরিমানা করেছে। এনবিআরের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে আয়কর আইনের ১৪৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ জরিমানা আরোপ করা হয়। তবে কী কারণে নির্দিষ্টভাবে এ জরিমানা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘরের বাজারের বিরুদ্ধে ভোক্তাদের একাধিক অভিযোগ উঠে এসেছে। অভিযোগে বলা হচ্ছে, প্রতিষ্ঠানটি বিভিন্ন নিম্নমানের পণ্যকে ‘অর্গানিক’ বা ‘খাঁটি’ হিসেবে প্রচার করে বাজারমূল্যের তুলনায় অনেক বেশি দামে বিক্রি করে আসছে।
ঘরের বাজারের এক ভোক্তা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “আপনাদের কালা ভুনা মশলায় এত রং দিছেন যে, এটা খাইলে পেটের মধ্যে সব নষ্ট হয়ে যাবে।”
আরেক ভোক্তা লেখেন, তিনি Ghorerbazar পেজ থেকে 500ml Extra Virgin Olive Oil ১০৯০ টাকা দিয়ে কিনেছিলেন কোরিয়ায় নেওয়ার জন্য। তার দাবি, পরে তিনি জানতে পারেন, ওই পণ্যটি আসল Extra Virgin Olive Oil হওয়ার সম্ভাবনা কম এবং পণ্যটির প্যাকেজিংসহ নানা দিক নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তিনি আরও লেখেন, ভোক্তাদের বিভ্রান্ত করা খুবই দুঃখজনক।
ট্যাক্স ফাঁকি, এনবিআরের জরিমানা এবং নিম্নমানের পণ্য সরবরাহ সংক্রান্ত অভিযোগের বিষয়ে জানতে ঘরের বাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিবকে ফোন করা হলে তিনি সাড়া দেননি। খুদে বার্তায় তিনি জানান, অফিসিয়াল ইমেইল থেকে যোগাযোগ করলে ঘরের বাজারের লিগাল টিম যোগাযোগ করবে।
ঘরের বাজারের ব্যবস্থাপনা পরিচালক জামশেদ মজুমদারকেও ফোন করা হলে তিনি সাড়া দেননি। খুদে বার্তা পাঠিয়েও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম, পণ্যের গুণগত মান এবং কর-সংক্রান্ত স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।






