উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে: হবিগঞ্জের নবীগঞ্জে দেশি মাছের সংকটে কমে আসছে ঐতিহ্যবাহী শুঁটকি তৈরির চল। একসময় হাটবাজার থেকে গ্রামের উঠোনে যে শুঁটকির দেখা মিলত, এখন তা আগের মতো পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জেলেরা। তাঁদের ভাষ্য, হাওর-বিলে দেশি মাছের প্রাপ্যতা কমে যাওয়ায় ঘরে ঘরে শুঁটকি তৈরির সেই চর্চাও হারিয়ে যেতে বসেছে।
নবীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের হাওর, বিল ও খালে একসময় প্রচুর দেশি মাছ পাওয়া যেত। পুঁটি, টেংরা, শিং, মাগুর, কৈ, বোয়াল, বাইম, খলিশা ও চিংড়িসহ বিভিন্ন মাছ দিয়ে বাড়িতে শুঁটকি তৈরি করা হতো। পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি হাটবাজারেও বিক্রি হতো এসব শুঁটকি। এখন দেশি মাছের অভাবে আগের মতো শুঁটকি তৈরি হচ্ছে না বলে জানান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা রানু সরকার দেশি মাছ কমে যাওয়ার পেছনে জলাশয় ভরাট, অবৈধ কারেন্ট জালের ব্যবহার এবং জমিতে অতিরিক্ত কীটনাশক প্রয়োগকে দায়ী করেন। তাঁর মতে, আগে যেখানে পানি থাকত, সেখানে এখন বাড়িঘর ও রাস্তা তৈরি হয়েছে। ছোট মাছ ধরে ফেলায় সেগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে না। জমিতে ব্যবহৃত কীটনাশকের প্রভাবেও খাল-বিলের মাছ মারা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রানু সরকার আরও বলেন, বাজারে এখন চাষের পাঙ্গাস, তেলাপিয়া, রুই, কাতলা, মাগুর, বোয়াল, শৌল ও টেংরা মাছের প্রাধান্য বেড়েছে। অন্যদিকে দেশি মাছের দাম বেশি হওয়ায় ক্রেতাদের অনেকে তা কিনতে চান না।
স্থানীয় তরাজ মেম্বারের ভাষ্য, বাজারে এখন যে শুঁটকি পাওয়া যায়, তার বেশির ভাগই বাইরে থেকে আসে। অনেক শুঁটকিতে ক্ষতিকর রাসায়নিক মেশানো থাকে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর মতে, দেশি মাছের শুঁটকির পরিচিত স্বাদ ও গন্ধ এখন আর আগের মতো পাওয়া যায় না।
রান্নার ঐতিহ্যেও এই পরিবর্তনের প্রভাব অনুভব করছেন প্রবীণ গৃহিণী আগরছান। তিনি বলেন, “আগে শুঁটকি ভর্তা, শুঁটকি দিয়ে শিমের বিচি, শুঁটকি দিয়ে লাউ-এইগুলা ছাড়া ভাত খাওয়া চিন্তাই করা যেতো না। এখন বাজারে ভালো শুঁটকি পাই না। যেটা পাই, সেটায় আসল স্বাদ নাই।”
মাছের সংকটের কথা তুলে ধরেন নবীগঞ্জের জেলে সুকুমার সরকারও। তিনি বলেন, “আগে একদিন জাল ফেললেই মণকে মণ দেশি মাছ পাইতাম। কিছু বিক্রি করতাম,বাকি দিয়ে শুঁটকি বানাইতাম। এখন সারাদিন জাল ফেলেও ২-৩ কেজি মাছ পাই না। শুঁটকি বানাবো কেমনে?”
স্থানীয় সচেতন মহল মনে করেন, দেশি মাছ ও শুঁটকি তৈরির ঐতিহ্য ধরে রাখতে হাওর-বিল দখল বন্ধ, কারেন্ট জালের ব্যবহার রোধ এবং মাছের অভয়াশ্রম তৈরি করা প্রয়োজন। তাঁদের আশঙ্কা, দেশি মাছ রক্ষায় উদ্যোগ নেওয়া না হলে আগামী প্রজন্ম শুঁটকির এই পরিচিত স্বাদের কথা শুধু শুনবে, তা উপভোগের সুযোগ পাবে না।






