ছাতকে মামলা তুলে নিতে বাদী-সাক্ষীদের কচুকাটার হুমকি, ৫ দপ্তরে অভিযোগ

ছাতকে মামলা তুলে নিতে বাদী-সাক্ষীদের কচুকাটার হুমকি, ৫ দপ্তরে অভিযোগ - Surma Times | Sylhet News

ছাতকে মামলা তুলে নিতে বাদী-সাক্ষীদের কচুকাটার হুমকি, ৫ দপ্তরে অভিযোগ - Surma Times | Sylhet Newsছাতক (সুনামগঞ্জ), ১০ নভেম্বর: সুনামগঞ্জের ছাতকে পঠন সূত্রধর হত্যা মামলা প্রত্যাহার না করলে জামিনে মুক্ত হয়ে মামলার বাদী ও সাক্ষীদের কচুকাটা করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মামলার বাদী ও তাঁর পরিবারের সদস্যরা।

অভিযোগে নাম এসেছে খোকা দেবনাথ ও রাজি দেবনাথের। গত ৮ নভেম্বর রাতে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের মহদী গ্রামের পয়েন্টে প্রকাশ্যে চিৎকার-চেঁচামেচি করে তাঁরা প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় নিহত পঠন সূত্রধরের ছোট ভাই এবং হত্যা মামলার বাদী প্রদীপ সূত্রধর সুনামগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ করেছেন। গত ৮ ও ৯ নভেম্বর পাঁচটি দপ্তরে অভিযোগ দাখিল করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, পঠন সূত্রধর হত্যা মামলার প্রধান আসামি চাকুরিজীবী স্বাস্থ্য সহকারী নিকলেশ দেবনাথসহ ১৬ জন বর্তমানে কারাগারে রয়েছেন। তবে আসামিপক্ষের লোকজন মামলা প্রত্যাহারের জন্য বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছেন এবং জামিনে মুক্ত হলে তাঁদের কচুকাটা করে হত্যার হুমকি দিচ্ছেন। এতে বাদী ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও অভিযোগে জানানো হয়েছে।

একই সঙ্গে সরকারি স্বাস্থ্যকর্মী নিকলেশ দেবনাথের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, তাঁর এক মাসের ছুটি মঞ্জুরের প্রক্রিয়া যাচাই এবং সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

## ছুটি মঞ্জুর নিয়ে দুই কর্মকর্তার বক্তব্যে ফারাক

অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নিকলেশ দেবনাথের এক মাসের ছুটি মঞ্জুর নিয়ে সুনামগঞ্জের সিভিল সার্জন ও ছাতক মেডিকেল অফিসারের বক্তব্যে মতবিরোধ। ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ২ নভেম্বর থেকে এক মাসের ছুটি মঞ্জুর করেন। অথচ ছুটি কার্যকর হওয়ার পরদিনই, ৩ নভেম্বর, হত্যা মামলায় অভিযুক্ত নিকলেশ দেবনাথ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর সুনামগঞ্জের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে চাকুরিজীবী স্বাস্থ্যকর্মী নিকলেশ দেবনাথসহ মোট ১৬ জন আসামি হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তাঁরা সুনামগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

ছুটি মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন। তিনি বলেন, “নিকলেশ দেবনাথের এক মাসের ছুটি মঞ্জুর করা হয়েছিল। তবে ছুটি অনুমোদনের সময় তাঁর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার বিষয়ে আমি অবগত ছিলাম না। বিষয়টি জানার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জন মহোদয়কে লিখিতভাবে জানিয়েছি।”

অন্যদিকে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ রুমি বলেছেন, “স্বাস্থ্যকর্মী নিকলেশ দেবনাথকে আমি ছুটি দিইনি। কে বা কারা তাঁর ছুটির অনুমোদন দিয়েছেন, তা নথিপত্র পর্যালোচনা করে খতিয়ে দেখব। নিহতের ভাই প্রদীপ সূত্রধরের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

## যেভাবে ঘটেছিল হত্যাকাণ্ড

মামলার নথি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিলেটের তদন্ত প্রতিবেদনে ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। ২০২৫ সালের ৩০ নভেম্বর পূর্ববিরোধের জের ধরে মহদী গ্রামে পঠন সূত্রধর ও তাঁর পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলা হয়। হামলাকারীরা রামদা, লোহার রড ও লাঠিসহ দেশীয় অস্ত্র ব্যবহার করেন। হামলায় পঠন সূত্রধর গুরুতর আহত হন। পরে তাঁকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর একই বছরের ৩০ ডিসেম্বর নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ মামলা গ্রহণ না করায় নিহতের ছোট ভাই প্রদীপ সূত্রধর বিজ্ঞ আদালতে সিআর মামলা নং ২৪/২০২৫ দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআই, সিলেটের ওপর ন্যস্ত হয়। তদন্ত শেষে পুলিশ পরিদর্শক (নিঃ) খোকন কুমার সাহা ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই মামলার প্রধান আসামি সরকারি স্বাস্থ্য সহকারী নিকলেশ দেবনাথ।

মামলার বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগের সুষ্ঠু তদন্ত, তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি স্বাস্থ্যকর্মী নিকলেশ দেবনাথের ছুটি মঞ্জুরের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী প্রদীপ সূত্রধর।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article