ছাতক সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

ছাতক সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান - Surma Times | Sylhet News

ছাতক সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান - Surma Times | Sylhet News

ছাতক (সুনামগঞ্জ), ৮ নভেম্বর: দলিল নিবন্ধনে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে সুনামগঞ্জের ছাতক সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট সমন্বিত জেলা কার্যালয়। রবিবার দুপুর ১২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, সুনামগঞ্জের ছাতক উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দলিল নিবন্ধনে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ পায় দুদক। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের দুই সদস্যের একটি দল উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসে এই অভিযান চালায়।

অভিযানে সাব-কবলা দলিলকে অবৈধভাবে হেবা দলিল হিসেবে নিবন্ধন করে সরকারি রাজস্ব আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানায় দুদক। এ সময় দলিল নিবন্ধনের ক্ষেত্রে অনিয়ম ও জালিয়াতির অভিযোগও সামনে আসে।

সিলেট সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সুবেল আহমদ জানান, অভিযান পরিচালনাকারী দল সংশ্লিষ্ট কার্যালয় থেকে বিভিন্ন রেকর্ডপত্র ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। সংগৃহীত নথিপত্র যাচাই-বাছাইয়ের পাশাপাশি অভিযোগের বিস্তারিত পর্যালোচনার জন্য আরও প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হবে। পরবর্তী সময়ে সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযান পরিচালনাকারী দল বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে। ওই প্রতিবেদন পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাব-রেজিস্ট্রি অফিসে এ ধরনের অনিয়ম সরকারি রাজস্ব আহরণে বড় ধরনের ক্ষতি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুদক বলছে, প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article