সুনামগঞ্জে প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে বিক্ষোভ

সুনামগঞ্জে প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে বিক্ষোভ - Surma Times | Sylhet News

সুনামগঞ্জে প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে বিক্ষোভ - Surma Times | Sylhet News

সুনামগঞ্জ, ৯ নভেম্বর: সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোছবাড়ী গ্রামে নিজের প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবা রাজা মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। পাল্টাপাল্টি অভিযোগও উঠেছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে গ্রামবাসীরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন।

গত বোবরার দুপুরে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের কোছবাড়ী গ্রামের রাজা মিয়ার বাড়ির সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাজা মিয়ার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সঠিক তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে গ্রামবাসীরা ব্যানার নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

প্রতিবাদ কর্মসূচিতে প্রদর্শিত ব্যানারে মো. আলকাছ মিয়ার বিরুদ্ধেও একাধিক মামলার আসামি ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তুলে ধরা হয়। এসব অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, পুলিশের প্রাথমিক তদন্তে রাজা মিয়ার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে প্রয়োজনীয় তদন্ত, তথ্য-প্রমাণ যাচাই ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।

অভিযোগের বিষয়ে মো. রাজা মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, প্রত্যেক বাবার কাছেই তার মেয়ে আদরের। আমিও আমার প্রতিবন্ধী মেয়েকে অন্তর থেকে ভালোবাসি। আল্লাহ সাক্ষী, আমি এ ধরনের জঘন্য কাজে জড়িত নই। তিনি আরও বলেন, প্রত্যেক বাবা যেন নিজের মেয়েকে সামনে রেখে বিষয়টি বিবেচনা করেন। তাহলেই বুঝতে পারবেন, একজন বাবার কাছে মেয়ের ভালোবাসা কতটা গভীর। রাজা মিয়া অভিযোগটিকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, তাকে ঘিরে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের মতো স্পর্শকাতর অভিযোগের ক্ষেত্রে কোনো ধরনের সামাজিক চাপ কিংবা আবেগের বশবর্তী না হয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা জরুরি। একই সঙ্গে অভিযোগকারী ও অভিযুক্তের আইনগত অধিকার রক্ষা এবং কথিত ভুক্তভোগীর নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ ঘটনায় কোছবাড়ী গ্রামের সর্বস্তরের জনগণ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article