
সিলেট, ৭ নভেম্বর: বর্তমান সরকার ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ইমামরা সমাজের নেতা। তাঁরা মানুষকে সত্য ও সুন্দর পথের দিকে পরিচালিত করেন। কিন্তু তাঁদের স্বাভাবিক জীবনটা অনেক সময় অর্থনৈতিক কারণে ব্যাহত হয়। সরকার তাঁদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
সামাজিক সম্প্রীতি, সুশাসন এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল ও ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলার প্রায় আড়াই শতাধিক ইমামকে নিয়ে শনিবার নগরীর নাইওরপুলের হোটেল ফরচুন গার্ডেনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সমিতির জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবীবুর রহমান, শাহজালাল ডি ওয়াই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি আবুসালেহ মো. কুতুবুল আলম, হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস ও নাযিমে তালীমাত মাওলানা আতাউল হক জালালাবাদী, বিএনপি সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং বিশিষ্ট লেখক, গবেষক ও গ্রন্থকার মো. জসীম উদ্দিন খন্দকার। প্রধান বক্তার বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা শাহ নজরুল ইসলাম।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আব্দুল বাছিত। বিগত বছরের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা আকমল হোসাইন। অনুষ্ঠানের শেষে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী মিয়াজানী।
সম্মেলনে পরবর্তী তিন বছরের জন্য সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদকসহ পূর্ণ কমিটি নির্বাচন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট জালাল উদ্দিন ও দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো চিফ সাংবাদিক আব্দুল কাদের তাপাদার। আগামী তিন বছরের জন্য সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন যথাক্রমে মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়া ও মাওলানা আবুল বাশার।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক বলেন, অর্থনৈতিক সুশাসন এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনয়ন কেবল প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে সম্ভব নয়, এর জন্য সামাজিক সম্প্রীতি ও নৈতিক জাগরণ জরুরি। ইমামগণ সমাজের সম্মানিত পথপ্রদর্শক হিসেবে সততা, ন্যায়পরায়ণতা এবং দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণের বার্তা প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন।
প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের প্রতিটি মসজিদের মিম্বর নৈতিকতা ও সুশাসন শিক্ষা দেওয়ার সর্বশ্রেষ্ঠ বিপ্লবক্ষেত্র। দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ইমামদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, হক কথা বলা এবং অন্যায়ের প্রতিবাদ করা আলেম সমাজের ঐতিহাসিক দায়িত্ব।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও সুশৃঙ্খল নগরী গড়তে ধর্মীয় নেতাদের নৈতিক প্রভাব অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে। নাগরিক অধিকার রক্ষায় এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি দূর করতে সিটি করপোরেশন ওলামায়ে কেরামের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী বলে তিনি উল্লেখ করেন।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের পরিকল্পিত ও টেকসই উন্নয়নের পাশাপাশি মননশীল সমাজ গঠনে নৈতিক শিক্ষার প্রচার অপরিহার্য। উন্নয়নের সঠিক সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হলে সুশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান বলেন, যুগোপযোগী ও নৈতিক নেতৃত্ব তৈরি করতে মাদ্রাসাশিক্ষা এবং মসজিদের মিম্বরের ভূমিকা ওতপ্রোতভাবে জড়িত। বর্তমান সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে তরুণ প্রজন্মকে নৈতিকতার মূল্যে ফিরিয়ে আনতে হবে, যেখানে ইমাম ও শিক্ষকদের যৌথ প্রচেষ্টা জরুরি।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রশাসন এবং ধর্মীয় নেতৃত্বের পারস্পরিক সহযোগিতায় সমাজ থেকে অপরাধ ও দুর্নীতি নির্মূল করা অনেক সহজ হয়। ইমামগণ সমাজের একেবারে তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিশে থাকেন, তাই জনসচেতনতা বৃদ্ধিতে তাঁদের কথা সাধারণ মানুষের মনে গভীর রেখাপাত করে। শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইমাম সমাজকে সব ধরনের প্রশাসনিক সহায়তার আশ্বাসও দেন তিনি।
ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবীবুর রহমান আলেম সমাজ ও ইমামগণের স্বাস্থ্যসেবা এবং কল্যাণমূলক কাজে অবদানের কথা স্মরণ করেন। শাহজালাল ডি ওয়াই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি আবুসালেহ মো. কুতুবুল আলম বলেন, কোরআন ও সুন্নাহর শাশ্বত জ্ঞানই মানুষের ভেতর সুশাসন ও ইনসাফের বীজ বপন করে। হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আতাউল হক জালালাবাদী বলেন, রাষ্ট্র ও সমাজে সুশাসন কায়েমের জন্য দুর্নীতিমুক্ত মনের অধিকারী নেতৃত্ব প্রয়োজন।
বিএনপি সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন বলেন, গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য একটি দুর্নীতিমুক্ত সমাজ অপরিহার্য। বিশিষ্ট লেখক ও গবেষক মো. জসীম উদ্দিন খন্দকার বলেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, সমাজের সংকটময় মুহূর্তে ধর্মীয় নেতারাই জাতিকে সঠিক বুদ্ধিবৃত্তিক দিকনির্দেশনা দিয়েছেন।
স্বাগত বক্তব্যে সমিতির জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন সমিতির জন্য খাস জমি বরাদ্দ করে একটি ইমাম কমপ্লেক্স নির্মাণ, সমিতিকে পাঁচটি অ্যাম্বুলেন্স প্রদান এবং ইমাম, মুয়াজ্জিন ও খাদিমদের চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন।
সম্মেলন শেষে পুনর্নির্বাচিত সভাপতি নবগঠিত কমিটির সদস্যদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। আয়োজকরা জানিয়েছেন, সামাজিক সম্প্রীতি ও সুশাসন প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা আরও জোরদার করাই এই সম্মেলনের মূল লক্ষ্য।







