
ঢাকা, ৫ নভেম্বর: দেশের বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে কর্মরত আরও ৩৭৬ জন শিক্ষক-কর্মচারীকে নতুন করে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে ১ হাজার ৫৯৪ জন শিক্ষককে বিএড স্কেল এবং ৫ হাজার ৪৭৪ জন শিক্ষককে উচ্চতর গ্রেড বা টাইম স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিলেট অঞ্চলে নতুন করে এমপিওভুক্ত হয়েছেন পাঁচজন শিক্ষক-কর্মচারী। তাঁদের মধ্যে স্কুল পর্যায়ে তিনজন এবং কলেজ পর্যায়ে দুজন। বৃহস্পতিবার মাউশির এমপিও কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
মাউশির তথ্য অনুযায়ী, অঞ্চলভিত্তিক হিসাবে নতুন এমপিওভুক্তির ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রাজশাহী। এ অঞ্চলে স্কুল পর্যায়ের ৭৫ জন এবং কলেজ পর্যায়ের ৩৪ জন শিক্ষক-কর্মচারী নতুন করে এমপিওভুক্ত হয়েছেন। এ ছাড়া বিএড স্কেল পেয়েছেন ৩৩৩ জন। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন স্কুল পর্যায়ের ৮৪৮ জন এবং কলেজ পর্যায়ের ৭৪ জন।
রংপুর অঞ্চলে স্কুল পর্যায়ের ৭৭ জন ও কলেজ পর্যায়ের ১৩ জন নতুন করে এমপিওভুক্ত হয়েছেন। এ অঞ্চলে বিএড স্কেল পেয়েছেন ২৬৬ জন। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন স্কুলের ৬৭২ জন এবং কলেজের ৩২ জন। ঢাকা অঞ্চলে নতুন এমপিওভুক্ত হয়েছেন স্কুল পর্যায়ের ৪০ জন ও কলেজ পর্যায়ের ২৯ জন। বিএড স্কেল পেয়েছেন ২৫৫ জন। এ ছাড়া স্কুলের ৪৪৩ জন ও কলেজের ২০ জন শিক্ষক পেয়েছেন উচ্চতর গ্রেড বা টাইম স্কেল।
খুলনা অঞ্চলে স্কুল ও কলেজ পর্যায়ে ১৪ জন করে মোট ২৮ জন নতুন এমপিওভুক্ত হয়েছেন। এ অঞ্চলে বিএড স্কেল পেয়েছেন ১৯৫ জন। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন স্কুল পর্যায়ের ১ হাজার ২৩৩ জন এবং কলেজ পর্যায়ের ৪২ জন। বরিশাল অঞ্চলে স্কুলের ১৭ জন ও কলেজের পাঁচজন নতুন এমপিওভুক্ত হয়েছেন। বিএড স্কেল পেয়েছেন ৮৪ জন। এ ছাড়া স্কুলের ৫৯০ জন এবং কলেজের ৫৫ জন শিক্ষক পেয়েছেন উচ্চতর গ্রেড বা টাইম স্কেল।
অন্যদিকে ময়মনসিংহ অঞ্চলে স্কুলের ৩৩ জন ও কলেজের দুজন, কুমিল্লায় স্কুলের আটজন ও কলেজের দুজন এবং চট্টগ্রামে স্কুলের পাঁচজন ও কলেজের তিনজন নতুন করে এমপিওভুক্ত হয়েছেন।
এদিকে এমপিও-সংক্রান্ত ৩ হাজার ১৮৭টি আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ের ২ হাজার ৪৯৩টি এবং কলেজ পর্যায়ের ৬৯৪টি আবেদন রয়েছে।
শিক্ষক-কর্মচারীদের সংগঠনগুলো বলছে, সিদ্ধান্তে কিছু প্রতিষ্ঠান উপকৃত হলেও বিপুল সংখ্যক আবেদন ঝুলে থাকায় বড় অংশ এখনো সুবিধার বাইরে রয়েছেন। দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন তাঁরা।






