ধোপাগুলে ৬৫ বোতল বিদেশি মদসহ গ্রেফতার এক

ধোপাগুলে ৬৫ বোতল বিদেশি মদসহ গ্রেফতার এক - Surma Times | Sylhet News

ধোপাগুলে ৬৫ বোতল বিদেশি মদসহ গ্রেফতার এক - Surma Times | Sylhet News

সিলেট, ৯ নভেম্বর: সিলেটের ধোপাগুল এলাকায় চেকপোস্ট বসিয়ে ৬৫ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মহরম আলী (৪৫)। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ থানার নাজিরগাঁও গ্রামের মৃত আব্দুল মুত্তালিবের ছেলে।

এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গত ৮ নভেম্বর আনুমানিক রাত ৮টা ১০ মিনিটে সিলেটের এয়ারপোর্ট থানাধীন এয়ারপোর্ট বাইপাস এলাকায় অবস্থানকালে গোপন সংবাদ পায়, কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে সাদাপাথর এক্সপ্রেস বাসে করে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ যাত্রীবেশে সিলেট শহরের দিকে যাচ্ছেন। সংবাদ পেয়ে আভিযানিক দলটি রাত ৮টা ৩৫ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর এলাকার ধোপাগুল পয়েন্টে কোম্পানীগঞ্জ-সিলেট মহাসড়কের ওপর চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্ট পরিচালনাকালে সাদাপাথর এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় এক যাত্রীর দখলে থাকা একটি শপিং ব্যাগ ও একটি স্কুল ব্যাগের ভেতর থেকে ৬৫ বোতল বিদেশি মদ পাওয়া যায়। এরপর তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরপর গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।

এসআরবি-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাহিনীর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে শহরে সরবরাহের চেষ্টা ব্যর্থ করায় অভিযানটি গুরুত্বপূর্ণ বলে মনে করছে বাহিনীটি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article