সিলেটে এক দিনে তিন চুরি, ক্ষতি প্রায় ১৭ লাখ

সিলেটে এক দিনে তিন চুরি, ক্ষতি প্রায় ১৭ লাখ - Surma Times | Sylhet News

সিলেটে এক দিনে তিন চুরি, ক্ষতি প্রায় ১৭ লাখ - Surma Times | Sylhet Newsসিলেট, ৭ নভেম্বর: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনেই পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। শনিবার ব্যস্ততম এই বাণিজ্যিক এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ মালামাল, মসজিদ এলাকা থেকে একটি মোটরসাইকেল এবং রেস্টুরেন্টের সামনে থেকে একটি প্রাইভেট কার চুরি হয়। তিন ঘটনায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লাখ ৮৩ হাজার ১৫০ টাকা।

শনিবার ভোরে উত্তর গোয়ালাবাজারের ব্যবসায়ী ঝিনুক কুমার পালের দোকানের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। বিভিন্ন ধরনের মালামাল নিয়ে যায় তারা। যাওয়ার আগে দোকানের সিসি ক্যামেরার সংযোগ তার কেটে দেয়। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে আরএফএল মোটর, বিভিন্ন ব্র্যান্ডের স্টপ কক, মুভিং পিলার কক, টুইন বিব কক, অ্যাঙ্গেল স্টপ কক ও বেসিন মিক্সার। এসবের আনুমানিক মূল্য ১২ লাখ ১৮ হাজার ১৫০ টাকা।

দোকানের ডিভিআর মেশিনে সংরক্ষিত ভিডিও ফুটেজ পর্যালোচনা করে একজন অজ্ঞাত ব্যক্তির ছবি পাওয়া গেছে। দোকানমালিকের ধারণা, চুরি হওয়া মালামাল একটি মিনি পিকআপে করে শেরপুরের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অভিযোগ, দোকানের বিপরীত পাশে অবস্থিত ইসমাইল ইলেকট্রিকের সিসি ক্যামেরার ফুটেজে ৬ নভেম্বর রাত ৭টা ৫৫ মিনিট থেকে ৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত একটি মিনি পিকআপকে সন্দেহজনকভাবে পার্কিং অবস্থায় দেখা গেছে।

ঝিনুক কুমার পাল বলেন, দোকানের শাটারের তালা কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। পাশের প্রতিষ্ঠানের ক্যামেরায় একটি মিনি পিকআপের সন্দেহজনক অবস্থান দেখা গেছে। চুরি হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়ালাবাজার উত্তর জামে মসজিদ এলাকা থেকে মসজিদের ইমাম ও খতিব মুহাম্মদ আজাদ আলীর ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরি হয়। Honda Livo মডেলের মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর সিলেট মেট্রো-হ-১১-৭৯৪৩। এর আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।

মুহাম্মদ আজাদ আলী জানান, প্রতিদিনের মতো মোটরসাইকেলটি মসজিদের পাশে রেখে নামাজ ও মসজিদের কাজে ব্যস্ত ছিলেন তিনি। পরে বাইরে এসে দেখেন, মোটরসাইকেলটি নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। মোটরসাইকেলটি দ্রুত উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

রাত ৯টার দিকে গোয়ালাবাজারের আড্ডাখানা নামের একটি রেস্টুরেন্টের সামনে থেকে সাদা রঙের একটি টয়োটা প্রাইভেট কার চুরি হয়। উপজেলার পূর্ব সিরাজনগর গ্রামের সুফি মিয়ার ছেলে মো. সিজান আহমদ (২৬) রেস্টুরেন্টে খাবার খেতে যাওয়ার সময় গাড়িটি সামনে রেখে যান। রাত ১০টার দিকে খাবার শেষে বাইরে এসে দেখেন, গাড়িটি আর সেখানে নেই।

চুরি হওয়া গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-১১-১৩৪৩। ১৯৯১ মডেলের ১৫০০ সিসির গাড়িটি তিনি সম্প্রতি ৩ লাখ ৫ হাজার টাকায় কিনেছিলেন। সিজান আহমদ বলেন, রাত ৯টার দিকে রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে গাড়িটি সামনে রেখে যান। এক ঘণ্টা পর ফিরে এসে দেখেন গাড়িটি নেই। কষ্ট করে কেনা গাড়িটি হারিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন। দ্রুত উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চান তিনি।

একই দিনে গোয়ালাবাজারের মতো জনবহুল বাণিজ্যিক এলাকায় পরপর তিনটি চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। বাজার এলাকায় পুলিশি টহল জোরদার ও নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

চুরির ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article