হবিগঞ্জে গ্রাম্য গানের আসর নিষিদ্ধের নির্দেশ জিকে গউছের

হবিগঞ্জে গ্রাম্য গানের আসর নিষিদ্ধের নির্দেশ জিকে গউছের - Surma Times | Sylhet News

হবিগঞ্জে গ্রাম্য গানের আসর নিষিদ্ধের নির্দেশ জিকে গউছের - Surma Times | Sylhet News

হবিগঞ্জ, ৮ নভেম্বর: হবিগঞ্জে গ্রাম্য গানের কোনো আসরের অনুমোদন না দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিএনপি-দলীয় হুইপ জিকে গউছ। রোববার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির এই সাংগঠনিক সম্পাদক বলেন, গ্রাম্য গানবাজনা আমাদের এই এলাকার লোকজন পছন্দ করেন না। এইগুলা একদম টোটালি। আমি অনুরোধ করব, পুরো জেলায় হলে ভালো। অন্তত যে এলাকার মানুষ, সোয়া ৪ লক্ষ ভোটার আমারে ভোট দিয়ে নির্বাচিত করছে, এইখানে যেন গ্রাম্য গানের আয়োজন, এটা-সেটা আমরা যেন না শুনি। কোনো জায়গায় মারামারি হইছে, খুনখারাবি হইছে এসব যেন না শুনি। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, আমাদের এলাকায় ধর্মকর্ম হয়। শীত মৌসুমে ওয়াজ মাহফিল বেশি বেশি হয়। কোনো কারণে এগুলোকে কেন্দ্র করে যেন উত্তেজনার সৃষ্টি না হয়। এসব নিয়ে ধর্মীয় কোনো অনৈক্য যাতে দেখা না দেয়, এসব অনুমোদন দেওয়ার ক্ষেত্রে যারা কর্তৃপক্ষ তারা অবশ্যই খেয়াল রাখবেন।

বাণিজ্যমেলা ও শিল্পমেলার আড়ালে অশ্লীলতা বা জুয়ার আসর যেন না হয়, সে কথাও উল্লেখ করেন জিকে গউছ। তিনি বলেন, আমাদের এখানে ব্যবসাবাণিজ্য ভালোই চলছে। দোকানে যারা আছে, নতুন করে মাঠে নিয়ে দোকানের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অনেকেই আমাকে বলে, পার্শ্ববর্তী জেলায় এসব হয়। আমি তাদের বলি, অন্য এলাকায় এসবের চাহিদা আছে। আমার এলাকার মানুষ এসব পছন্দ করে না।

তিনি জেলা প্রশাসককে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে বলেন, অন্তত আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি সে এলাকায় যেন এসব না শুনি। এমনিতেই নিষিদ্ধ সংগঠন, বট বাহিনী কত জাতের প্রবলেম আমাদের সামনে আছে। আর কোনো সমস্যা যেন আমরা ডেকে না আনি।

সম্প্রতি সুনামগঞ্জে বাউল সম্রাট শাহ আবদুল করিম ও কবি রাধারমন দত্তের এলাকায় গানের আসরে আপত্তি নিয়ে সমালোচনার মধ্যে হুইপের পক্ষ থেকে এমন নির্দেশ এসেছে। সভায় হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পুলিশ সুপার মো. তারেক মাহমুদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article