
সিলেট, ৮ নভেম্বর: সিলেট নগরে একই দিনে পূর্ব জিন্দাবাজার ও লালদিঘিরপাড় এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপাড়ে দুটি দোকান পুড়ে গেছে। তবে পূর্ব জিন্দাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ সময় আশপাশে আতঙ্ক দেখা দেয়।
জানা যায়, রবিবার দুপুর পৌনে ৩টার দিকে পূর্ব জিন্দাবাজারের বারুতখানার একটি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। বারুতখানাস্থ একটি মার্কেটের দ্বিতীয় তলার সামনের অংশে প্রধান সড়কের ওপর ঝুলন্ত অবস্থায় থাকা বৈদ্যুতিক তার থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় ওই মার্কেটে স্টেপ ও স্কোয়াড নামের দোকানের ছাদের অংশে আগুন জ্বলতে দেখা যায়। পরপর তিনবার বিকট শব্দও শোনা যায়। এতে ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণ করা হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সালাউদ্দিন জানান, বিদ্যুতের তারে স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছালেও কাজ করতে হয়নি, আগুন আগেই নিয়ন্ত্রণে চলে আসে।
এর আগে সকাল পৌনে ৯টার দিকে সিলেট নগরীর লালদিঘিরপাড় নতুন হকার্স মার্কেটের ১ নম্বর গলিতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, হকার্স মার্কেটের ১ নম্বর গলিতে টেপন ব্রাদার্স ও খান এন্টারপ্রাইজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানে আগুন ও ধোঁয়া দেখে তাৎক্ষণিকভাবে সিলেট ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী উদ্ধার কার্যক্রম চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে দোকানে থাকা বিভিন্ন প্রকারের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
টেপন ব্রাদার্স নামের প্রতিষ্ঠানের ব্যবসায়ী রিপন জানান, শীতকে সামনে রেখে শীতকালীন খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম দোকানে তুলেছিলেন। প্রতিদিনের মতো শনিবার রাতেও দোকান বন্ধ করে বাসায় যান তিনি। কিন্তু সকালে এসে দেখেন তার সব স্বপ্ন পুড়ে ছাই। একই আগুনে পুড়ে গেছে খান এন্টারপ্রাইজ নামের আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানও। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ৭০ থেকে ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কুতুব উদ্দিন জানান, সকালে সিলেট মহানগরীর লালদিঘিরপাড় এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী উদ্ধার কার্যক্রম চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে দুই ব্যবসায়ীর ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ লাখ টাকার মতো এবং উদ্ধার কার্যক্রমে প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।
একই দিনে নগরের দুই ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। বৈদ্যুতিক তার ও সংযোগ ব্যবস্থার নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।






