সিলেট, ১০ নভেম্বর: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।
ছিনিয়ে নেওয়া ব্যক্তির নাম জাকারিয়া মাহমুদ। তিনি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় একটি সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় হরিপুর বাজার থেকে জাকারিয়া মাহমুদকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় সন্ধ্যা ৭টার দিকে হরিপুর বাজার পেরিয়ে পরিচের ব্রিজ নামক এলাকায় কিছু লোক সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়ির গতি রোধ করে। এরপর তারা পুলিশের ওপর হামলা চালিয়ে জাকারিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীরা পুলিশের গাড়িও ভাঙচুর করে বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক সোমবার রাতে বলেন, সন্ধ্যায় পুলিশ জাকারিয়া মাহমুদকে ধরতে অভিযান চালায়। তাকে আটক করে ফেরার পথে গাড়ি আটকে কিছু লোক জাকারিয়াকে ছিনিয়ে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, হরিপুর এলাকাটা একটু এমনই। এখানে এ ধরনের ঘটনা অনেক সময়ই ঘটে। ওই এলাকায় যেকোনো অভিযান চালাতে গেলেই পুলিশ একটি চ্যালেঞ্জের মুখে পড়ে।
ছিনিয়ে নেওয়া ব্যক্তি ও হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানান এসপি। হামলায় পুলিশের গাড়ি ভাঙচুর করা হলেও কোনো পুলিশ সদস্য আহত হননি বলে তিনি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, থানা থেকে হেফাজতে নেওয়া অভিযুক্তকে পথেই ছিনিয়ে নেওয়ার ঘটনা ওই এলাকায় নতুন নয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, হরিপুরে অভিযান মানেই বাধার মুখোমুখি হওয়া। স্থানীয়দের একটি অংশের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর এই টানাপোড়েন দীর্ঘদিনের।
ঘটনাটি এখন গুরুত্ব পাচ্ছে অন্য কারণে। আটক ব্যক্তি ক্ষমতাসীন দলের স্থানীয় পর্যায়ের পদাধিকারী। ফলে হামলার পেছনে সংগঠিত কোনো গ্রুপের হাত আছে কি না, সে বিষয়েও তদন্তের প্রয়োজন দেখা দিয়েছে। পুলিশের ওপর প্রকাশ্য হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।






