রনজিতের সীমান্ত সভার দাবি, পুলিশ-বিজিবির দ্বিমত

রনজিতের সীমান্ত সভার দাবি, পুলিশ-বিজিবির দ্বিমত - Surma Times | Sylhet News

রনজিতের সীমান্ত সভার দাবি, পুলিশ-বিজিবির দ্বিমত - Surma Times | Sylhet Newsসিলেট, ১০ নভেম্বর: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রনজিত সরকার ভারতের মেঘালয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে দলীয় সভা করার দাবি করেছেন। সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে ভিডিও প্রকাশ করে তিনি এ দাবি জানান। তবে সভা কোথায় হয়েছে, তা নিয়ে সিলেট ও সুনামগঞ্জের পুলিশ সুপারদের বক্তব্যে দেখা দিয়েছে স্পষ্ট ভিন্নতা। সুনামগঞ্জ সীমান্তে এমন কোনো সভা হওয়ার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার তাঁর ফেসবুক আইডিতে পাঁচ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। তাতে তাঁকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। রনজিতের দাবি, ভারতের মেঘালয় হয়ে বাংলাদেশের সীমানায় ঢুকে রোববার সন্ধ্যায় তিনি এ সভাটি করেন। তাঁর নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

প্রকাশিত ভিডিওতে ব্যানার ধরে থাকতে দেখা যায় জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক এবং তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে। ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা। অতিথি অ্যাডভোকেট রনজিত সরকার।’ আয়োজক হিসেবে উল্লেখ করা হয় তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নাম।

ভিডিওতে দেওয়া বক্তব্যে রনজিত সরকার ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন, গ্রেপ্তার ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অভিযোগ করেন। শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণার কথা উল্লেখ করে তিনি নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। মঙ্গলবার ছাত্রলীগের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ এবং ভবিষ্যতের দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশনাও দেন তিনি। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ পুনরুদ্ধার, অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং শেখ হাসিনার নেতৃত্বে আবারও দেশ পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি নিতে বলেন রনজিত।

ভিডিও দেখে সভায় উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে কেউই সভার স্থান স্পষ্ট করেননি। তবে রোববার সন্ধ্যায় সভায় উপস্থিত থাকার বিষয়টি তারা নিশ্চিত করেছেন। রনজিত সরকার মেসেঞ্জারে বলেন, ‘কোনো তথ্য জানাতে পারব না। সভা শেষে সীমান্ত দিয়ে ভারতে ফিরেছি।’ কোথায় সভা করেছেন জানতে চাইলে তিনি কল কেটে দেন। ছাত্রলীগ নেতা ওমর ফারুকও সভাটি রোববার সন্ধ্যায় হওয়ার কথা নিশ্চিত করেন। স্থান ও সময় সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তিনিও কল কেটে দেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। মাঝখানে কিছুদিন তিনি যুক্তরাজ্যে অবস্থান করেছিলেন বলেও জানা গেছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, ‘সুনামগঞ্জের সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা রয়েছে। সেখান দিয়ে রনজিত সরকারের প্রবেশের কোনো সুযোগ নেই। ভিডিওতে তার নির্বাচনী এলাকার যেসব লোককে দেখা গেছে, তাদের সিলেট সীমান্তের কোনো একটি জায়গায় জড়ো করে এ কাজ করা হয়েছে।’ সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক ভিন্ন বক্তব্য দেন। তাঁর কথায়, সভাটি সিলেটের সীমান্তে হয়নি। সুনামগঞ্জের সীমান্ত এলাকার কোনো একটি স্থানে হয়েছে। সভায় উপস্থিত ব্যক্তিরাও সুনামগঞ্জের বাসিন্দা।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জ সীমান্ত এলাকায় বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে এ ধরনের কোনো সভা হওয়ার তথ্য পাওয়া যায়নি। রনজিত সরকারের দাবি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার একাধিক বক্তব্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা পরিস্থিতি এবং নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article