সিলেট, ১০ নভেম্বর: সিলেট শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের কয়েক দিন পেরিয়ে গেছে। পুনর্নিরীক্ষণের আবেদনও শেষ হয়েছে। ১৪ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী মোট ৫১ হাজার ২৪৩টি আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজিতে। ফল পরিবর্তনের আশায় অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে কম পাসের হার ও জিপিএ-৫ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রতিযোগিতায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন তাঁরা।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন জানান, পুনর্নিরীক্ষণের জন্য ১৪ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাঁরা বিভিন্ন বিষয়ে মোট ৫১ হাজার ২৪৩টি আবেদন জমা দিয়েছেন। একজন শিক্ষার্থী একাধিক বিষয়ের আবেদন করতে পারেন। এ কারণে আবেদনকারীর সংখ্যার তুলনায় মোট আবেদন বেশি।
বিষয়ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন ইংরেজিতে। দুই পত্র মিলিয়ে ১৩ হাজার ৭৮৪টি। দ্বিতীয় অবস্থানে বাংলা। এ বিষয়ের দুই পত্রে ৫ হাজার ৭৩৮টি আবেদন পড়েছে। একক পত্রের হিসাবে ইংরেজির পর সবচেয়ে বেশি আবেদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে। এ বিষয়ে ৫ হাজার ৫৪১টি। গার্হস্থ্য বিজ্ঞান, মনোবিজ্ঞান ও পরিসংখ্যান বিষয়ে আবেদন সবচেয়ে কম।
১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়। রোববার দুপুর ১২টা পর্যন্ত গ্রহণ করা হয়। প্রতি পত্রের জন্য ফি ছিল ১৫০ টাকা। এখন ফল প্রকাশের অপেক্ষা। আবেদনকারীদের মুঠোফোনে খুদে বার্তায় জানানো হবে। সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।
এবারের ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়ায় উচ্চশিক্ষায় ভর্তি নিয়ে নতুন করে ভাবছে সিলেটের বিশ্ববিদ্যালয়গুলো। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগে এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ২৫ এবং মোট ৬ দশমিক ৫০ থাকার শর্ত ছিল। এবার তা কমিয়ে প্রতিটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ এবং মোট ৬ রাখার প্রস্তাব বিবেচনা করছে প্রশাসন। তবে এটি এখনো প্রস্তাবের পর্যায়ে রয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা শিক্ষার্থী সংকটের আশঙ্কা করছেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের বড় অংশ বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হন। পাসের হার কমে গেলে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা শিথিল হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম বলেন, উচ্চশিক্ষার বিগত সময়ে সবাই পাস এবং সবাই জিপিএ-৫, এমন একটা বিষয় দেখা গিয়েছিল। বিশেষ করে ইন্টারমিডিয়েট পর্যায়ে। শিক্ষার একটা মান ফিরে আসছে। জিপিএ মুখ্য নয়। একজন শিক্ষার্থী কতটুকু মানসম্মত শিক্ষা গ্রহণ করল, সেটাই গুরুত্বপূর্ণ।
এবার সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার দেখা গেছে। মোট ৭২ হাজার ৯৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭১ হাজার ৮৯৩ জন। উত্তীর্ণ হয়েছেন ৩৬ হাজার ৫৯৭ জন। পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ জন।
বিজ্ঞানে পাসের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ। মানবিকে ৪৬ দশমিক ২৯ শতাংশ। ব্যবসায় শিক্ষায় ৪৭ দশমিক ৮১ শতাংশ। বিজ্ঞানের তুলনায় মানবিকে পাসের হার ২২ দশমিক ২৫ শতাংশ কম।
জেলাভিত্তিক ফলাফলে সিলেট এগিয়ে। পাসের হার ৫৭ দশমিক ৬২ শতাংশ। মৌলভীবাজারে ৪৩ দশমিক ৮৪ শতাংশ। হবিগঞ্জে ৪৭ দশমিক ৯৫ শতাংশ। সুনামগঞ্জে ৪৫ দশমিক ৯৮ শতাংশ। সর্বোচ্চ ও সর্বনিম্নের ব্যবধান ১৩ দশমিক ৭৮ শতাংশ।
মেয়েদের পাসের হার ৫২ দশমিক ৩৮ শতাংশ। ছেলেদের ৪৮ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ পাওয়া ১ হাজার ২০৪ জনের মধ্যে ৬১৩ জন ছেলে এবং ৫৯১ জন মেয়ে।
ছয়টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। তিনটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। শূন্য পাসের তিনটির একটি হবিগঞ্জে এবং দুটি সুনামগঞ্জে।
পুনর্নিরীক্ষণের আবেদন করা হাজারো শিক্ষার্থী এখন নতুন ফলের অপেক্ষায়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা ও প্রতিযোগিতা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কম পাসের হার এবং ১৪ হাজারের বেশি শিক্ষার্থীর পুনর্নিরীক্ষণ আবেদন এবার উচ্চশিক্ষায় ভর্তির হিসাব-নিকাশে কতটা পরিবর্তন আনে, সেটিই এখন দেখার বিষয়।






