সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সের ১৪ বছর বয়সি বোন জামিন পেয়েছেন

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সের ১৪ বছর বয়সি বোন জামিন পেয়েছেন - Surma Times | Sylhet News

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সের ১৪ বছর বয়সি বোন জামিন পেয়েছেন - Surma Times | Sylhet Newsসুনামগঞ্জ, ৯ নভেম্বর: পুলিশের ওপর হামলা, কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সের ১৪ বছর বয়সি ছোট বোন জামিন পেয়েছেন। সোমবার দুপুরে সুনামগঞ্জের শিশু আদালত শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।

প্রিন্সের আইনজীবী অ্যাডভোকেট ছায়াদুর রহমান তালুকদার তথ্যটি নিশ্চিত করেছেন। জামিন পাওয়া কিশোরী সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশের ওপর হামলার মামলায় গত ৩১ অক্টোবর দিবাগত মধ্যরাতে সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতাল এলাকা থেকে প্রিন্স, তাঁর মা শামী আক্তার পলি (৩৮), বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৫), ছোট বোন (১৪) এবং প্রিন্সের চার বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া অন্য চারজন হলেন ছাতক উপজেলার জালালপুর গ্রামের কাওছার আহমদ সোহাগ (২১), দিরাই উপজেলার চণ্ডীপুর গ্রামের ইফাত আলম রাবিদ (২১), ধর্মপাশা উপজেলার সাদিপুর গ্রামের শাহরিয়ার সাদি (১৯) এবং সিলেটের ভাদেরশ্বর গ্রামের তাকরিব রহমান তানহির (২০)।

পরদিন ১ নভেম্বর প্রিন্সের মা-বাবাসহ সাতজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তবে বয়স ১৮ বছরের কম হওয়ায় প্রিন্সের বোনকে গাজীপুরের একটি নিরাপদ আবাসন কেন্দ্রে (সেফ হোম) পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে গত ৩ নভেম্বর তাঁর মা শামী আক্তার পলি আদালত থেকে জামিন পান এবং কারামুক্ত হন।

এর আগে গত ১ নভেম্বর পুলিশ গণমাধ্যমকে জানিয়েছিল, ২৯ অক্টোবর গভীর রাতে নাশকতার মামলার আসামি হিসেবে ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর থানার পুলিশ। গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে তিনি হাজতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময় তাঁর মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যরা মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা দেন, পুলিশ সদস্যদের ওপর হামলা করেন এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে ওই রাতেই প্রিন্সকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়।

জামিন পাওয়ার পর কিশোরীকে নিরাপদ আবাসন কেন্দ্র থেকে মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। মামলার পরবর্তী শুনানিতে অন্য আসামিদের জামিন আবেদনও বিবেচনা করা হতে পারে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article