সিলেটে মশারি নিয়ে শোভাযাত্রা, মশা নিধনে এক মাসের সময়সীমা

সিলেটে মশারি নিয়ে শোভাযাত্রা, মশা নিধনে এক মাসের সময়সীমা - Surma Times | Sylhet News

সিলেটে মশারি নিয়ে শোভাযাত্রা, মশা নিধনে এক মাসের সময়সীমা - Surma Times | Sylhet News

সিলেট, ২৪ নভেম্বর ২০২৬: মশা নিধনে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পিত পদক্ষেপের দাবিতে সিলেটে মশারি নিয়ে প্রতীকী শোভাযাত্রা ও সমাবেশ করেছে তিনটি সামাজিক সংগঠন। কর্মসূচি থেকে আগামী এক মাসের মধ্যে মাঠপর্যায়ে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় মশা নিধনে জনসাধারণের ব্যবহার্য সামগ্রী নিয়ে সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন বক্তারা।

মঙ্গলবার বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা যৌথভাবে কর্মসূচির আয়োজন করে।

আয়োজনের প্রতিপাদ্য ছিল, “মশা নিয়ে ভাবনা আর না আর না, সিলেট সিটি কর্পোরেশনের লোক দেখানো মশার ঔষধ ছিটানো আমরা আর দেখতে চাইনা চাইনা”। সমাবেশ শেষে বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মশারি টাঙিয়ে প্রতীকী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জিন্দাবাজার পয়েন্ট ও ঐতিহাসিক কোর্ট পয়েন্ট হয়ে সিটি পয়েন্ট পর্যন্ত যায়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সিলেট নগরবাসী বছরের কোনো মৌসুমেই স্বস্তিতে থাকতে পারছেন না। বর্ষায় জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে ধুলাবালির দুর্ভোগের সঙ্গে শীতের শুরুতেই বেড়েছে মশার উপদ্রব। বাসাবাড়ি, অফিস-আদালতসহ ঘরে-বাইরে মশার যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন।

তাঁদের ভাষ্য, শীতের শুরুতে মশার বংশবিস্তার ও উপদ্রব বাড়তে পারে, তা বিবেচনায় নিয়ে সিটি করপোরেশনের আগাম প্রস্তুতি নেওয়া উচিত ছিল। কিন্তু মশক নিধনে নগরীতে দৃশ্যমান কিছু তৎপরতা থাকলেও ছিটানো ওষুধ কার্যকর হচ্ছে না বলে অভিযোগ করেন তাঁরা। বাসাবাড়িতে কয়েল, অ্যারোসল ও বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করেও স্বস্তি মিলছে না বলে জানান বক্তারা।

শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টিও সমাবেশে উঠে আসে। বক্তারা বলেন, সন্ধ্যার পর মশার কারণে শিক্ষার্থীরা ঠিকমতো পড়তে বসতে পারছে না। এতে তাদের পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।

সমাবেশ থেকে নগরীর প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা, মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস এবং কার্যকর ওষুধ ছিটানোর দাবি জানানো হয়। লোকদেখানো কার্যক্রমের পরিবর্তে নিয়মিত ও সুপরিকল্পিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের। তিনি জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কারের শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত। অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার (সিবিযুকস) সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ।

বক্তব্য দেন সিলেট কল্যাণ সংস্থার (সিকস) কার্যকরী কমিটির সহসাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকসের সহসভাপতি এম এ আলী জালালাবাদী, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস এবং সিলেট মহানগর কমিটির সহসাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন।

সমাবেশ ও শোভাযাত্রায় অংশ নেন সিবিযুকসের বিভাগীয় কমিটির সিনিয়র সহসভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহসাংগঠনিক সম্পাদক সোহেল আলী, সহঅর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহআন্তর্জাতিক সম্পাদক পংকজ মজুমদার, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না এবং সহসাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু।

নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ বাছির আহমদ, শ্রীকান্ত দাস, মোঃ রিপন মিয়া, মোঃ সিরাজুল ইসলাম, সেতু রঞ্জন সরকার, মোঃ খসরু মিয়া, ঋষিকেশ দাশ লিটন, হরিমোহন রায়, রূপন দত্ত, সজল রায়, মোঃ মুহিব আহমদ ও বিজিত লাল। এ ছাড়া অর্ধশতাধিক নাগরিক মশারি টাঙিয়ে প্রতীকী শোভাযাত্রায় অংশ নেন।

কর্মসূচি থেকে বক্তারা বলেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে মশা নিয়ন্ত্রণের উদ্যোগ মাঠপর্যায়ে কার্যকর হতে হবে। আগামী এক মাসে দৃশ্যমান পদক্ষেপ না এলে ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article