জকিগঞ্জে চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে - Surma Times | Sylhet News

জকিগঞ্জে চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে - Surma Times | Sylhet News

সিলেট। জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালত জকিগঞ্জ সিআর মামলা নং-৮৫/২০২০-এ এ আদেশ দেন।

মামলার নালিশ অনুযায়ী, মেসার্স মেঘনা অটোমেটিক রাইস মিলের পরিচালক সরকারি গুদাম থেকে চাল উত্তোলন করে পুষ্টিসমৃদ্ধ করে জকিগঞ্জের নির্ধারিত ডিলারদের কাছে সরবরাহ করতেন। ২০২০ সালের ২৫ এপ্রিল রাত প্রায় ১২টায় ৫৭০ বস্তা পুষ্টি চাল নিয়ে একটি কার্গো ট্রাক কালিগঞ্জ বাজারে পৌঁছে সিলেট-জকিগঞ্জ সড়কের পাশে অবস্থান নেয়।

পরদিন ২৬ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে ট্রাক থেকে চাল আনলোড করার সময় এক নম্বর আসামি মো. আবুল হোসেন খানের নির্দেশে অন্যান্য আসামিসহ প্রায় ১০০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ট্রাকটি ঘেরাও করে। ট্রাক ড্রাইভারকে প্রাণে হত্যার ভয় দেখিয়ে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা ২৬২ বস্তা চাল লুট করে নিয়ে যায়। এর আনুমানিক বাজারমূল্য ছিল তিন লাখ টাকা।

পরে জকিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবশিষ্ট ৩১১ বস্তা চালসহ ট্রাকটি জব্দ করে এবং ড্রাইভার ও হেলপারকে থানায় নিয়ে যায়। নালিশে বলা হয়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের যোগসাজশে উল্টো বাদীকেই জকিগঞ্জ থানার মামলা নং-২৪ (২৬/০৪/২০২০) তথা জিআর ৯৯/২০২০ মামলায় আসামিভুক্ত করে গ্রেপ্তার দেখানো হয়। দীর্ঘদিন হাজতবাসের পর জামিনে মুক্ত হয়ে এবং কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিলম্বে বাদী ২০২০ সালের ১১ অক্টোবর দণ্ডবিধির ১৪৩/১৪৪/৩৪১/৩৭৯/৫০৬(২)/১১৪ ধারায় আদালতে এ নালিশি মামলা দায়ের করেন।

কারাগারে পাঠানো ২৫ আসামি হলেন— খলাদাপনিয়া গ্রামের মন্তজির আলী খাঁনের ছেলে মো. আবুল হোসেন খাঁন (৫০), মাতারগ্রামের আয়াছ আলীর ছেলে বিলাল আহমদ (৪০), শিবেরচকের আলাই মিয়ার ছেলে মোস্তফা উদ্দিন (৩৫), খলাদাপনিয়ার মাহমদ আলীর ছেলে লোকমান মিয়া (৩৭), পূর্ব শাহজালালপুরের মৃত মস্তকিন আলীর ছেলে মইয়ব আলী (৪৫), পশ্চিম শাহজালালপুরের মৃত মাখই মিয়ার ছেলে নাজির আহমদ (৩০), পূর্ব শাহজালালপুরের মৃত আব্দুল লতিফ ওরফে কুটু মিয়ার ছেলে ছলু মিয়া (আব্দুছ সালাম) (৪২), হাতিডহরের মৃত তমু মিয়া (জমির আলী)-এর ছেলে আহমদ আলী বলাই (আলী আহমদ) (২৮), পূর্ব শাহজালালপুরের মানিক মিয়ার ছেলে হানাই মিয়া (আব্দুল হান্নান) (৪০), মাতারগ্রামের মৃত কটু মিয়ার ছেলে হোছন মিয়া (৩৭), রসুল গ্রামের মাখন মিয়ার ছেলে সুন্দর আলী আলাউদ্দিন, কলাকুটার মুছই মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম (৩৭), মাতারগ্রামের রেহমান মিয়ার ছেলে শামীম আহমদ (৩৭), শিবেরচকের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল বাছিত (৩০), নান্দিশ্রীর মৃত তছদ্দর আলী চৌধুরীর ছেলে নোমান উদ্দিন চৌধুরী (৪৫), খাসেরার আবদুল মান্নানের ছেলে মো. জামিল আহমদ (৩০), নওয়াগ্রাম খলাদাপনিয়ার মৃত মেখাই মিয়ার ছেলে মো. আব্দুস শুকুর (৪৫), পাগলীরপার খলাদাপনিয়ার মৃত আ. জব্বারের ছেলে আ. মুমিন (৩০), তোপখানা নওয়াগ্রামের মৃত বদরুল ইসলামের ছেলে মো. নিজাম উদ্দিন (৩৫), সুনারচকের মো. ফারুখ মিয়ার ছেলে সুজন আহমদ (৩০), নগরকান্দির মৌলভী আব্দুল ওয়াহিদের ছেলে দেলোয়ার হোসেন (২৯), দেওয়ানচকের মৃত আব্দুল গফুরের ছেলে বিপ্লব আহমদ (২৮), দরগাবাহারপুরের মৃত আব্দুল মন্নানের ছেলে রাহেল আহমদ (২৬), মাতারগ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুর রহিম (৪৫) এবং তোপখানা খলাদাপনিয়ার সুমন মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (৪৫)।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি বলেন, করোনা মহামারীকালীন সময়ে প্রকাশ্য দিবালোকে আসামিরা রাজপথে ২৬২ বস্তা চাল লুট করেছিল। বিষয়টি তখন সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করে। পিবিআই দীর্ঘ তদন্তের পর আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নিশ্চিত করে আদালতে প্রতিবেদন প্রদান করে। বাদীপক্ষে শুনানিতে আরও অংশ নেন অ্যাডভোকেট মিসবাউজ্জামান খান জাকারিয়া, অ্যাডভোকেট জাহিদুল হক জাবেদ ও অ্যাডভোকেট আব্দুল করিম প্রমুখ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article