সিলেটসহ সারা দেশে চূড়ান্ত ভোটার তালিকা বুধবার

ইউপি নির্বাচন পাঁচ ধাপে, সিলেট বিভাগে ৩১৯ ইউনিয়নে ভোট - Surma Times | Sylhet News

ইউপি নির্বাচন পাঁচ ধাপে, সিলেট বিভাগে ৩১৯ ইউনিয়নে ভোট - Surma Times | Sylhet News

সিলেট, ২৪ নভেম্বর: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে সিলেটসহ সারা দেশে বুধবার (২৫ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁরাও এ তালিকায় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নির্বাচন কমিশনের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ইসি সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন ভোটার যুক্ত হওয়ায় সর্বশেষ প্রকাশিত তালিকার তুলনায় এবার মোট ভোটারের সংখ্যা বাড়বে।

সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।

ভোটার তালিকা প্রকাশের পাশাপাশি ইউপি নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের প্রস্তুতিও শুরু করেছে কমিশন। এ জন্য প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের উপযোগী কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের তালিকা সংগ্রহ করে প্যানেল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের তালিকা সংগ্রহ করতে হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পদভিত্তিক তালিকা চূড়ান্ত করে নির্বাচন কমিশন সচিবালয়কে জানাতে বলা হয়েছে।

প্রিজাইডিং অফিসারের প্যানেলে কারা অন্তর্ভুক্ত হতে পারবেন, সে বিষয়েও নির্দেশনা দিয়েছে ইসি। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির কর্মকর্তা এবং ক্ষেত্রবিশেষে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের এ প্যানেলে রাখা যাবে।

এ ছাড়া সরকারি ও সরকার অনুমোদিত কলেজ, মাদ্রাসা ও উচ্চবিদ্যালয়ের শিক্ষক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিমা ও করপোরেশনের কর্মকর্তাদেরও প্রিজাইডিং অফিসারের প্যানেলে অন্তর্ভুক্ত করা যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরির মাধ্যমে ইউপি নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article