কানাইঘাটে ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

কানাইঘাটে ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা - Surma Times | Sylhet News

কানাইঘাটে ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা - Surma Times | Sylhet News

সিলেট, ২৪ নভেম্বর: সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়া ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেতা আফসর আহমদসহ ৩০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ১৭০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) রাতে কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ শরীফ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২২ নভেম্বর) রাতে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের ওপর চড়াও হয়ে স্থানীয় সাউদগ্রামের মৃত আব্দুল হকের ছেলে ও জেলা ছাত্রলীগের সদস্য শাহিদ রানা এবং ছাত্রলীগ নেতা সাদেক আহমদকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

এ ঘটনায় আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগে উপজেলা বিএনপির সদস্য ও লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফসর হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ঘটনার দিন নিজের দলবল নিয়ে পুলিশের কাছ থেকে ছোট ভাই শাহিদ রানা ও নিকটাত্মীয় সাদেক আহমদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনি জড়িত ছিলেন।

তাঁকে বহিষ্কারের সিদ্ধান্তে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জেলা নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও আলোচনা চলছে।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বহিষ্কৃত আফসর আহমদ। ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই; বরং তিনি পুলিশকে সহযোগিতা করেছেন। অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবিও জানিয়েছেন তিনি।

কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানিয়েছেন, পলাতক আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article