মণিপুরী রাজবাড়ীতে বামছাসের রুবি জুবিলী উদযাপন

মণিপুরী রাজবাড়ীতে বামছাসের রুবি জুবিলী উদযাপন - Surma Times | Sylhet News

মণিপুরী রাজবাড়ীতে বামছাসের রুবি জুবিলী উদযাপন - Surma Times | Sylhet News

সিলেট, ২৩ নভেম্বর: আলোচনা সভা, সম্মাননা প্রদান, স্মারকগ্রন্থ উন্মোচন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির (বামছাস) ৪০ বছর পূর্তি ও রুবি জুবিলী উদযাপন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরী রাজবাড়ীতে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বামছাসের প্রধান উপদেষ্টা অসেম সত্যজিৎ সিংহের মাতা স্বর্গীয় অসেম পদ্মা দেবীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রথম অধিবেশনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়।

দ্বিতীয় অধিবেশনে আলোচনা সভার শুরুতে বামছাসের ৪০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গল কামনায় প্রীতিদীপ প্রজ্বলন করেন সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। সভায় সভাপতিত্ব করেন এন. এম. এডুকেশনাল ট্রাস্টের চেয়ারম্যান এল নন্দলাল সিংহ। অনুষ্ঠান পরিচালনা করেন সত্যজিৎ সিংহ।

প্রধান অতিথি ছিলেন শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র সংগীত, নৃত্য ও নাটক বিভাগের বিভাগীয় প্রধান ড. ওয়াইখোম হেমন্ত কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, মণিপুরী নৃত্যগুরু ও এমকা পরিচালক এল শান্তনা দেবী, কবি, সাহিত্যিক ও নাট্যকার অহৈবম রণজিৎ, মণিপুরী একাডেমির পরিচালক কেএইচ বীরেন্দ্র, বিশিষ্ট সমাজসেবক শেরাম প্রমোদ, এম উত্তম সিংহ রতন, ময়েংবম মুকেশ এবং খোঞ্জেল মীতৈ।

আলোচনা সভায় বক্তারা বলেন, চার দশক ধরে শিক্ষার পাশাপাশি মণিপুরী ভাষা, সাহিত্য, শিল্পকলা ও সংস্কৃতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বামছাস। সংগঠনটির অতীত অর্জনের প্রশংসা করে তাঁরা ভবিষ্যতে আরও কার্যকর অবদানের প্রত্যাশা ব্যক্ত করেন।

রাস উৎসবকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও জানান বক্তারা। তাঁরা তরুণ প্রজন্মকে শিক্ষার পাশাপাশি মণিপুরী ভাষা, সংগীত, নৃত্য ও সাহিত্যচর্চায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

আয়োজনে ৪০ বছর আগে রাস উৎসব আয়োজন ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অগ্রদূতদের সম্মাননা দেওয়া হয়। প্রধান অতিথি তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন। দিনব্যাপী কর্মসূচিতে স্মারকগ্রন্থও উন্মোচন করা হয়।

সাংস্কৃতিক পর্বের প্রধান আকর্ষণ ছিল ড. ওয়াইখোম হেমন্ত কুমারের পরিবেশিত গোপ নৃত্য। এমকা পরিচালক এল শান্তনা দেবীর পরিচালনায় মণিপুরী শিল্পীরা রাসাংশ পরিবেশন করেন।

পরে কবি ও নাট্যকার অহৈবম রণজিতের নির্দেশনায় মণিপুরী নাটক মঞ্চস্থ হয়। অভিনয়, সংলাপ ও সংগীতের মধ্য দিয়ে নাটকে সমকালীন সমাজজীবন, সংস্কৃতি ও ঐতিহ্যের চিত্র তুলে ধরা হয়। মণিপুরী ভাষা, সংস্কৃতি ও শিক্ষার উন্নয়নে বামছাসের ভূমিকা আরও শক্তিশালী হবে, এমন প্রত্যাশার মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article