
কার্ডিফ, ২২ নভেম্বর: নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, তাদের প্রতিভা বিকাশে সহযোগিতা এবং তরুণদের জন্য সুস্থ ও ইতিবাচক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাবের উদ্বোধন করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের নতুন জার্সিও উন্মোচন করা হয়।
ক্লাবের প্রেসিডেন্ট জুবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন স্পোর্টস অর্গানাইজার আকমল আলী ও ক্লাবের জেনারেল সেক্রেটারি রুমন রেজা চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রেসিডেন্ট, ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, ওয়েলস স্পোর্টস সেন্টারের কর্মকর্তা থমাস ক্লার্ক, কমিউনিটি সংগঠক লিয়াকত আলী, ব্যবসায়ী জহির আহমেদ, সাংবাদিক সৈয়দ কাহের এবং তরুণ ব্যবসায়ী মুজিবুল হাসান নিউটন।
মোহাম্মদ মকিস মনসুরসহ আমন্ত্রিত অতিথিরা বলেন, খেলাধুলা মানুষকে একত্রিত করার একটি শক্তিশালী মাধ্যম। বয়স, ধর্ম, বর্ণ ও সামাজিক অবস্থানের ঊর্ধ্বে উঠে এটি মানুষের মধ্যে সম্পর্ক গড়ে তোলে।
তাঁদের মতে, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দলগত ঐক্যের শিক্ষা দেয়। পাশাপাশি আত্মবিশ্বাস ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে ক্লাবের সহসভাপতি মোঃ হায়দার, জয়েন্ট সেক্রেটারি এনাম আহমেদ, ট্রেজারার জাহিদ হাসান, জয়েন্ট ট্রেজারার মোঃ রিয়াজ মুর্শেদ এবং সদস্যদের মধ্যে জুলফিকার হায়দার জুয়েল, নাজমুল আহমেদ, তানজু আহমেদ, রাজ বাহাদুর, রুমান আহমেদ, শামিম আহমেদ ও রায়হান আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ক্লাবের কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা চান কর্মকর্তা ও সদস্যরা। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখা এবং তাদের প্রতিভা বিকাশের উপযোগী সুস্থ পরিবেশ তৈরির লক্ষ্য নিয়েই ক্লাবটি কাজ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।






