
সিলেট, ২৩ নভেম্বর। সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন করে গড়ে তুলতে হবে। শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোমবার কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন, রানারআপ ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন।
টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্যের সভাপতিত্বে এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মঞ্জুর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পর্ষদ সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলী হাসান পারভেজ, কলেজের তারাপুর ক্যাম্পাসের প্রাক্তন ইনচার্জ অধ্যাপক জয়ন্ত দাশ, রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল হামিদ, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুপ্তি চৌধুরী, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক আদিবা খানম এবং ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক অমিতা রাণী ভদ্র।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিসংখ্যান বিভাগের প্রধান সম্পদ কুমার সরকার, গণিত বিভাগের প্রভাষক তামান্না ইয়াসমীন নাজমী, প্রভাষক তাসমিন চৌধুরী, শরীরচর্চা শিক্ষক যীশুতোষ দাস, শরিফ আহমদ, দেওয়ান আছকির আলী, মৌসুমী মল্লিক, আইনুল হক, গৌর হরি দে ও রুমি বেগম প্রমুখ।





