ঢাকা, ৩ নভেম্বর:
ইতালির বার্ষিক কর্মী নিয়োগের কোটার বাইরেও বৈধভাবে কাজের সুযোগ পাবেন বাংলাদেশিরা। দেশটির অভিবাসন আইনের ২৩ নম্বর ধারার আওতায় নির্দিষ্ট প্রশিক্ষণ সম্পন্ন করা দক্ষ কর্মীরা এই সুযোগ পাবেন। ভাষা ও দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে বিনা খরচে ইতালি যাওয়ার পথ খুলে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন মঙ্গলবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সেমিনারে এ তথ্য জানান। ইতালির দূতাবাস এবং তাদের আন্তর্জাতিক সহযোগী অংশীদারদের যৌথ উদ্যোগে ‘ল্যাঙ্গুয়েজ, সিভিক অ্যান্ড প্রফেশনাল ট্রেইনিং ফর স্কিলড মাইগ্রেশন টু ইতালি’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।
বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো সেমিনারে বলেন, এসব প্রশিক্ষণের সম্পূর্ণ খরচ নিয়োগকর্তারা বহন করবেন। কর্মীদের কোনো মধ্যস্থতাকারীকে অর্থ দিতে হবে না। কোনো কর্মী মধ্যস্থতাকারীকে অর্থ দিয়ে থাকলে তাকে আর ভিসা দেওয়া হবে না।
প্রশিক্ষণে ইতালীয় ভাষা, দেশটির নাগরিক শিক্ষা এবং সংশ্লিষ্ট পেশার দক্ষতা অন্তর্ভুক্ত থাকবে। বাংলাদেশেই বিনা খরচে এই প্রশিক্ষণ দেওয়া হবে। বর্তমানে ইতালিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন। ২০২৫ সালে তারা ১ দশমিক ৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহ্দী আমিন বলেন, ইতালির ভাষা শিক্ষা, সুনির্দিষ্ট কর্মদক্ষতা অর্জন এবং পেশাগত সঠিক আচরণ ও মূল্যবোধের বিকাশে এই কার্যকর মডেলটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকার এই পূর্ণাঙ্গ কাঠামোকে জাতীয় পর্যায়ে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে এবং বিভিন্ন স্তরে কার্যকরভাবে বাস্তবায়ন করতে চায়।
তিনি বলেন, দক্ষ, নিয়মতান্ত্রিক ও কম খরচে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করা নির্বাচিত নতুন বাংলাদেশ সরকারের সুনির্দিষ্ট রূপকল্পের অন্তর্ভুক্ত। সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার সঙ্গে এই আয়োজনটি শতভাগ সঙ্গতিপূর্ণ। দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা বিপুল তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অভিবাসন প্রত্যাশী কর্মীদের জন্য একটি সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিদেশে কাজের পথ উন্মোচন করা জরুরি বলে মনে করেন উপদেষ্টা। যেখানে অভিবাসন ব্যয় উল্লেখযোগ্য হারে কমে আসবে এবং সম্ভব হলে তা শূন্য খরচে নিশ্চিত করা হবে। যৌথ এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের দক্ষ জনগোষ্ঠীর অভিবাসন প্রক্রিয়া আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দক্ষ কর্মীদের ইতালি যাওয়ার ক্ষেত্রে সরকার বোয়েসেলসহ সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সহযোগিতা করবে বলে জানান মাহ্দী আমিন। কর্মীদের বিদেশ যাওয়ার আগে প্রবাসী কার্ড দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। সেমিনারে দালালের মাধ্যমে ভিসা নেওয়ার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।
সেমিনারে আরও বক্তব্য দেন ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মিশন প্রধান ড. লরা টম বন্ডে, ইতালির উপ-মিশন প্রধান ডা. ফেদেরিকো জামপারেল্লি, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের উপ-প্রধান বাইবা জারিনা এবং ইতালিয়ান দূতাবাসের অভিবাসন উপদেষ্টা জুসেপ্পে দি জিওভান্নি।






