ফিনল্যান্ডে বিনামূল্যে ব্লাইন্ড ডেটিং, আহ্বান বিশ্বের সিঙ্গেলদের

ফিনল্যান্ডে বিনামূল্যে ব্লাইন্ড ডেটিং, আহ্বান বিশ্বের সিঙ্গেলদের - Surma Times | Sylhet News

ফিনল্যান্ডে বিনামূল্যে ব্লাইন্ড ডেটিং, আহ্বান বিশ্বের সিঙ্গেলদের - Surma Times | Sylhet Newsহেলসিঙ্কি, ৪ নভেম্বর: বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় প্রায়ই শীর্ষে থাকা ফিনল্যান্ড এবার সিঙ্গেলদের জন্য এক অনন্য আহ্বান জানিয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে সম্পূর্ণ খরচ-বহনকৃত ‘ব্লাইন্ড ডেটিং’ অভিজ্ঞতায় অংশ নিতে পারবেন বিশ্বজুড়ে আগ্রহীরা।

‘ফিনিশ ডিনার ডেট’ নামের এ প্রচারণা শুরু করেছে দেশটির পর্যটন বোর্ড ভিজিট ফিনল্যান্ড। মূল লক্ষ্য দুটি। আন্তর্জাতিক ভ্রমণকারীদের ফিনল্যান্ডের খাদ্য সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো। আর নতুন রোমান্টিক সঙ্গী খুঁজে নেওয়ার সুযোগ তৈরি করা।

ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে এ ট্রিপ। নির্বাচিত হবেন ১৬ জন সিঙ্গেল প্রাপ্তবয়স্ক। তারা ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী রন্ধনশিল্প ঘুরে দেখবেন। আঞ্চলিক সুস্বাদু খাবারের স্বাদ নেবেন। হেলসিঙ্কি ও লেকল্যান্ড অঞ্চলের তামপেরে শহরে স্থানীয় ফিনিশ সিঙ্গেলদের সঙ্গে বিশেষ গ্রুপ ডিনার ডেটে অংশ নেবেন।

খাবারের তালিকায় থাকবে বুনো মাছ, রকমারি বেরি ও বন থেকে সংগৃহীত মাশরুম। দেশের শীর্ষস্থানীয় কিছু শেফ মেনু তৈরি করবেন। ফিনল্যান্ডের খাবার, প্রকৃতি ও ঋতুর গভীর সম্পর্ক ফুটিয়ে তুলতেই এ আয়োজন।

বিজনেস ফিনল্যান্ডের ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের সিনিয়র ডিরেক্টর হেলি জিমেনেজ বলেন, ফিনিশ খাবার আমাদের সুপরিচিত সুখী জীবনযাত্রার প্রত্যক্ষ প্রতিফলন। এর মাধ্যমে স্থান, ঋতু ও চারপাশের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। তিনি আরও বলেন, খাবার ফিনদের একসূত্রে বাঁধে। এবার ভ্রমণকারীদের এক অনন্য উপায়ে আমাদের সঙ্গে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।

এ ধারণা এসেছে ‘সিংকুকোরি’ নামের ফিনিশ ডেটিং রীতি থেকে। কিছু সুপারমার্কেটে গোলাপি রঙের শপিং বাস্কেট ব্যবহার করা হয়। এর মানে ক্রেতা সিঙ্গেল এবং নতুন কারো সঙ্গে আলাপ বা সম্ভাব্য সম্পর্কে আগ্রহী।

পর্যটন বোর্ডের মতে, অন্যান্য ইউরোপীয় ও বৈশ্বিক ঐতিহ্যবাহী খাবারের তুলনায় ফিনল্যান্ডের খাবার কিছুটা উপেক্ষিতই থেকে গেছে। জিমেনেজ বলেন, সাওনার খাদ্য সংস্কৃতি থেকে বন থেকে প্রাকৃতিক উপাদান সংগ্রহের ঐতিহ্য—ফিনিশ রন্ধনশিল্পের প্রতিটি গল্পই অনন্য। আমরা চাই দর্শনার্থীরা সেই গল্পের পুরো অভিজ্ঞতা উপভোগ করুন।

এ উদ্যোগ খাদ্য পর্যটনের সঙ্গে সামাজিক মেলামেশার সমন্বয় ঘটিয়েছে। ডিনার ডেটগুলো হবে অত্যন্ত অনানুষ্ঠানিক ও প্রাণবন্ত গ্রুপ ইভেন্ট। অংশগ্রহণকারীরা একসঙ্গে নৈশভোজে বসবেন এবং ফিনল্যান্ডের আনুষ্ঠানিক টেস্ট মেকিং মেনুর স্বাদ নেবেন।

আবেদন করতে পারবেন ফিনল্যান্ডের বাসিন্দা নন এমন বিশ্বের যেকোনো দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী সিঙ্গেল প্রাপ্তবয়স্করা। আবেদন ব্যক্তিগতভাবে সম্পন্ন করতে হবে। ইংরেজিতে একটি সংক্ষিপ্ত ভিডিও রেকর্ড করে উত্তর দিতে হবে—‘একটি ডিনার ডেটে আপনি কী পরিবেশন করবেন এবং কেন?’ এরপর হ্যাশট্যাগ ফিনিশ ডিনার ডেট ব্যবহার করে এবং ভিজিট ফিনল্যান্ডকে ট্যাগ করে ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবে পোস্ট করতে হবে।

আবেদনের শেষ সময় ফিনিশ সময় ১০ নভেম্বর সকাল ১১টা ৫৯ মিনিট। নির্বাচিতদের নাম ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে ঘোষণা করা হবে। বিজয়ীদের বিমান ভাড়া, থাকা-খাওয়া ও সব কার্যক্রমের সম্পূর্ণ খরচ বহন করবে পর্যটন বোর্ড।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article