হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে ‘ছায়েদ আলী’ হত্যার ঘটনায় একজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৯।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত বাহিনী হিসেবে জননিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন, সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ প্রতিরোধ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, হত্যা, ধর্ষণ, অপহরণ, মানবপাচার ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ দমন এবং অপরাধ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।
ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম ছায়েদ আলী হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন পূর্ব রুপশংকর এলাকার বাসিন্দা। ভিকটিম দীর্ঘ প্রায় ৭/৮ বছর যাবৎ হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন সাতকাপন ইউনিয়নের হরহরিয়া এলাকায় জমি লিজ নিয়ে মুরগির ফার্ম পরিচালনা করে আসছিলেন। মুরগির ফার্মটি বিবাদীদের বসতবাড়ির সংলগ্ন এলাকায় অবস্থিত হওয়ায় ফার্ম পরিচালনাকে কেন্দ্র করে বিবাদীদের সঙ্গে ভিকটিমের বিরোধ চলছিল। বিবাদীরা বিভিন্ন সময় ভিকটিমকে উক্ত এলাকা থেকে মুরগির ফার্ম সরিয়ে নেওয়ার জন্য হুমকি দিত।
ঘটনার দিন গত ২৮ আগস্ট বিকালবেলা ২নং বিবাদী মাসুক মিয়া ভিকটিমের মুরগির ফার্মে গিয়ে তার মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য বলে। ভিকটিম এতে আপত্তি করলে মাসুক মিয়া বাড়িতে গিয়ে বিষয়টি অন্যান্য বিবাদীদের জানায়। পরবর্তীতে বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমের মুরগির ফার্মে অনধিকার প্রবেশ করে বিবাদী মকবুল হোসেনের হুকুমে অন্যান্য বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।
এ সময় ভিকটিম বাঁচার জন্য চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে বিবাদীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ভিকটিম মৃত্যুবরণ করেন।
উক্ত ঘটনায় ভিকটিমের চাচা বাদী হয়ে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি অভিযানিক দল গত ২৩ সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ জেলার সদর মডেল থানাধীন লস্করপুর রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানার মামলা নম্বর ০১, তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬, ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ মূলে হবিগঞ্জের বাহুবলে ‘ছায়েদ আলী’ হত্যার ঘটনায় এজাহারনামীয় ১০নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি ইসমাইল মিয়া (৩৫), পিতা আজগর আলী, সাং সুতিন, থানা বাহুবল, জেলা হবিগঞ্জ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে এসআরবি-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।






