বাহুবলে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাহুবলে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Surma Times | Sylhet News

হবিগঞ্জের বাহুবলে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Surma Times | Sylhet Newsহবিগঞ্জ, ১৯ আগস্ট: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে হবিগঞ্জের বাহুবল থেকে ১৫ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার ওলিপুর রেলক্রসিং এলাকায় অবস্থানকালে বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মৌলভীবাজার জেলা হতে শাহপরান পরিবহনযোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্যসহ হবিগঞ্জের দিকে যাচ্ছে।

উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি রাত ২টা ৫৫ মিনিটের সময় হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানাধীন মিরপুর ইউনিয়ন সিলেট টু ঢাকা মহাসড়কের ওপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে শাহপরান নামক পরিবহনটি সিগন্যাল দিয়ে থামালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পরিবহণের ভেতরে থাকা ৪ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের হেফাজতে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরবর্তীতে তাদের দেখানো মতে একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভেতর রক্ষিত খাকি রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৫ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- ০১. রাজিব শীল (৩৯), পিতা- মৃত রবি শীল, সাং- ছাবের মিয়া পাড়া, থানা- আলীকদম, জেলা- বান্দরবান, ০২. উসমান গণি (৩৫), পিতা- মো. শফিক মিয়া, সাং- পশ্চিম দুলনা, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ, ০৩. সঞ্জু বাকতি (২৮), পিতা- পরেশ বাকতি, সাং- ফুলছড়া চা-বাগান, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার এবং ০৪. ফারজানা আক্তার (২৬), পিতা- কবির মিয়া, সাং- জোয়ারমাগুর উন্ডা, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজসে মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article