দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় আহত জাবেরের মৃত্যু, প্রাণ গেল দুই বন্ধুর

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় আহত জাবেরের মৃত্যু, প্রাণ গেল দুই বন্ধুর - Surma Times | Sylhet News

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় আহত জাবেরের মৃত্যু, প্রাণ গেল দুই বন্ধুর - Surma Times | Sylhet News

সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল-হুমায়ুন চত্বর বাইপাস সড়কে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত বালাগঞ্জের যুবক মো. জাবের আহমদ (২৯) মারা গেছেন। বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে দুর্ঘটনার দিন শুক্রবার (২০ নভেম্বর) ঘটনাস্থলেই নিহত হন তাঁর বন্ধু তুহিন আহমদ (২৫)। একই দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যুতে বালাগঞ্জের তাঁদের নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত তুহিন আহমদ বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বরকতপুর গ্রামের দলা মিয়ার ছেলে। অপরদিকে, জাবের আহমদ একই ইউনিয়নের পশ্চিম নশিওরপুর গ্রামের জমির আলীর বড় ছেলে। তিনি এক কন্যাসন্তানের জনক ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তুহিন ও জাবের পরস্পরের বন্ধু ছিলেন। গত শুক্রবার (২০ নভেম্বর) সকালে তাঁরা মোটরসাইকেলে করে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ সুরমার চন্ডিপুল-হুমায়ুন চত্বর বাইপাস সড়কে একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তুহিন আহমদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জাবের আহমদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

সেখানে প্রায় ছয় দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোর সাড়ে ৫টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন জাবের আহমদ। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ তৈরি হয়।

বুধবার স্থানীয় খন্দকার বাজার ঈদগাহ মাঠে জাবের আহমদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে।

একই সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের বরকতপুর ও পশ্চিম নশিওরপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি দুই পরিবারের ওপর নেমে এসেছে অপূরণীয় ক্ষতি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article