শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ), ২৪ সেপ্টেম্বর। হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী বন বিট থেকে কাঠ পাচারের সময় বনদস্যুদের হামলা রুখতে বন প্রহরীরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ছয় টুকরো আকাশমণি কাঠসহ অটোরিকশা সিএনজি জব্দ করেছে বন বিভাগ।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমানের নির্দেশনায় সরকারি বনজ সম্পদ রক্ষা এবং বন্য প্রাণীর আবাসস্থল সুরক্ষায় মাঠ পর্যায়ে বন কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিনিয়ত দৃঢ় ভূমিকা পালন করতে গিয়ে বুধবার ভোর রাত সাড়ে পাঁচটার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ আওতাধীন বাহুবল উপজেলার পুটিজুরী বন বিট থেকে কাঠ পাচারকালে বনদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধ করে ছয় টুকরো বা ৭ দশমিক ৭৩ ঘনফুট আকাশমণি কাঠসহ অটোরিকশা সিএনজি জব্দ করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ ও চেক স্টেশন কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ চৌধুরী গোপন সংবাদ পেয়ে পুটিজুরী বন বিট কর্মকর্তা ও কর্মচারীদের বনাঞ্চলে টহল দেওয়ার জন্য নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী বন বিট কর্মকর্তা ও কর্মচারীরা পরিচালিত বিশেষ টহল চলাকালীন অবস্থায় পুটিজুরী বন বিট থেকে বনদস্যুরা ছয় টুকরো আকাশমণি কাঠ অটোরিকশা সিএনজি যোগে পাচারের সময় বনদস্যুদের হামলা রুখতে বন প্রহরীরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে বনদস্যুরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থল থেকে ২০০৬-২০০৭ সালের বনাঞ্চলের ছয় টুকরো বা ৭ দশমিক ৭৩ ঘনফুট আকাশমণি কাঠসহ পাচারের ব্যবহৃত অটোরিকশা সিএনজি হবিগঞ্জ-থ-১১-৩৬১৪ উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত কাঠ ও অটোরিকশা সিএনজি শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে হেফাজতে রয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে বন আদালতে মামলা প্রক্রিয়া চলছে।






