বাহুবলে মোহাম্মদ আব্দুল্লাহ হত্যা মামলার আসামি রাজনগর থেকে গ্রেফতার

বাহুবলে মোহাম্মদ আব্দুল্লাহ হত্যা মামলার আসামি রাজনগর থেকে গ্রেফতার - Surma Times | Sylhet News

বাহুবলে মোহাম্মদ আব্দুল্লাহ হত্যা মামলার আসামি রাজনগর থেকে গ্রেফতার - Surma Times | Sylhet Newsহবিগঞ্জ, ৩ আগস্ট ২০২৬: হবিগঞ্জের বাহুবলে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে মোহাম্মদ আব্দুল্লাহ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আঃ মালেক (২৪) মৌলভীবাজারের রাজনগর থেকে গ্রেফতার হয়েছে। সোমবার, ৩ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে রাজনগর থানাধীন ফতেপুর ইউনিয়নের কাশিমপুর এলাকায় র‌্যাব-৯ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, মোহাম্মদ আব্দুল্লাহ (৩৮) হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন খুজারগাঁও এলাকার বাসিন্দা ছিলেন। একই এলাকার বিবাদীদের সঙ্গে তাঁর পরিবারের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন গত ৪ জুলাই ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে ভিকটিম ও তাঁর দুই ভাই স্থানীয় খুজারগাঁও মসজিদে মাগরিবের নামাজ শেষে মসজিদের দক্ষিণ পাশের রাস্তায় পৌঁছালে বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

ভিকটিম গালিগালাজের কারণ জানতে চাইলে ১ নম্বর বিবাদী মোঃ হোসেন আলীর হুকুমে অন্যরা দা, রামদা, চাকু, কিরিজ, চাপাতি, ফিকলসহ দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিম ও তাঁর দুই ভাইকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে এবং হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। অপর এক ভাইকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের ভাই বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং সিপিসি-২, শ্রীমঙ্গলের যৌথ অভিযানে অভিযুক্ত মোঃ আঃ মালেককে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, এর আগে গত ১৮ জুলাই ২০২৬ তারিখে উক্ত মামলার আরেকজন আসামিকে র‌্যাব-৯ গ্রেফতার করেছিল। গ্রেফতারকৃত মোঃ আঃ মালেককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article