সড়ক দুর্ঘটনার চালক ধরা পড়ল মুন্সিগঞ্জে
সিলেট, ১৮ জুলাই ২০২৬: র্যাব-৯ ও র্যাব-১১ এর পৃথক যৌথ অভিযানে হবিগঞ্জের বাহুবল উপজেলার একটি হত্যা মামলার পলাতক আসামি এবং সড়ক দুর্ঘটনায় এক নারী নিহতের ঘটনায় দায়ী পিকআপ চালককে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, বাহুবল উপজেলার খুজারগাঁও এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ (৩৮) হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত পলাতক আসামি মো. বিল্লাল মিয়া (২৪)কে নরসিংদী সদর মডেল থানাধীন পৌরসভা অফিসের সামনে থেকে গ্রেফতার করা হয়। তিনি একই উপজেলার খুজারগাঁও এলাকার বাসিন্দা।
ঘটনার বিবরণে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে গত ৪ জুলাই সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর আব্দুল্লাহ ও তার দুই ভাইয়ের ওপর একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আব্দুল্লাহ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন।
অন্যদিকে, গত ২৩ এপ্রিল বাহুবল উপজেলার বড়গাঁও এলাকায় পিকআপ ও ইজিবাইকের সংঘর্ষে জেরিন আক্তার লিজা (২৬) নিহতের ঘটনায় পলাতক পিকআপ চালক ইরফান মিয়া (২০)কে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন আনারপুরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দারাগাঁও এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে জেরিন আক্তার তার মেয়ে জান্নাতুল আরফাকে নিয়ে ইজিবাইকে করে যাওয়ার পথে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মেয়েকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উভয় ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে র্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। সংস্থাটি জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।





