গবেষণা, গ্রন্থ ও আন্তর্জাতিক সম্মেলনে নীতিনির্ধারণী ভূমিকা
ঢাকা, ১ জুলাই ২০২৬: বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (বিএসি) বহিঃনিরীক্ষক ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী সাম্প্রতিক সময়ে একাডেমিক ক্ষেত্রে উল্লেখযোগ্য ত্রিমুখী সাফল্য অর্জন করেছেন। তিনি একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রকাশনা সংস্থার সঙ্গে গ্রন্থ প্রকাশের চুক্তি স্বাক্ষর করেছেন, ঐতিহ্যবাহী বস্ত্র নিয়ে যুগান্তকারী গবেষণাপত্র প্রকাশ করেছেন এবং উচ্চশিক্ষা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেছেন।
কুমিল্লা খাদির বৈশ্বিক সম্ভাবনা নিয়ে গবেষণা থাইল্যান্ডের বস্ত্রশিল্প ও ব্যবস্থাপনাগত অন্তর্দৃষ্টির সঙ্গে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের সম্ভাবনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। “ম্যানেজেরিয়াল ইমপ্লিকেশনস ফর থাই ফ্যাব্রিক ইন্ডাস্ট্রি: গ্লোবাল সাপ্লাই চেইন অব কালচারাল হেরিটেজ অব কুমিল্লা খাদি ফ্যাব্রিকস ফ্রম আ ডেভেলপিং কান্ট্রি” শীর্ষক এই নিবন্ধটি ২০২৬ সালের ১১ মে এসকোপাস-কিউ২ সূচিভুক্ত জার্নাল সায়েন্টিফিক কালচার (খণ্ড ১২, সংখ্যা ২.১)-এ প্রকাশিত হয়।
গবেষণাটি যৌথভাবে সম্পন্ন করেছেন বিইউবিটির অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী এবং থাইল্যান্ডের নারেসুয়ান বিশ্ববিদ্যালয়ের ব্যবসা, অর্থনীতি ও যোগাযোগ অনুষদের প্রাক্তন ডিন সহযোগী অধ্যাপক ড. ভিচায়ানান রত্নবিবুনসোম।
কেমব্রিজ স্কলার্স পাবলিশিংয়ের সঙ্গে গ্রন্থ প্রকাশ চুক্তি আরেকটি বড় অর্জন হলো—অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ও ভারতের টেকনো ইন্ডিয়ার সহযোগী অধ্যাপক ড. শামীমা হক যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত প্রকাশনা সংস্থা কেমব্রিজ স্কলার্স পাবলিশিংয়ের সঙ্গে একটি গ্রন্থ প্রকাশের চুক্তি স্বাক্ষর করেছেন।
“ডিজিটাল ইকোনমি, এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অ্যান্ড ফিউচার বিজনেস প্রসেস ইন দ্য টার্বুলেন্ট সিচুয়েশন” শীর্ষক গ্রন্থটি বৈশ্বিক অস্থিরতার মধ্যে সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা, উদ্যোক্তা উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তর নিয়ে আলোচনা করবে। বইটি ভিইউসিএ (অস্থিরতা, অনিশ্চয়তা, জটিলতা ও অস্পষ্টতা) মোকাবিলায় ডিজিটাল কৌশল, উদ্যোক্তা ইকোসিস্টেম এবং নমনীয় সরবরাহ ব্যবস্থাপনার ওপর আলোকপাত করবে।
আন্তর্জাতিক সম্মেলনে নেতৃত্বদান গত ১২-১৩ জুন ২০২৬ তারিখে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনোভেশন, এক্সিলেন্স অ্যান্ড কোয়ালিটি ফর ট্রান্সফরমেশন ইন হায়ার এডুকেশন ২০২৬ (টিএইচই ২০২৬)’ সম্মেলনে অধ্যাপক আলী মুখ্য ভূমিকা পালন করেন।
তিনি তিনটি গবেষণাপত্র উপস্থাপন করেন। এর মধ্যে “স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর হায়ার এডুকেশন অ্যাক্রিডিটেশন অ্যান্ড গ্লোবাল র্যাঙ্কিং (২০২৭–২০৩৭)” শীর্ষক গবেষণাপত্রটি উচ্চশিক্ষায় নেতৃত্ব, নীতি ও শাসন বিষয়ক সেশনে ব্যাপক প্রশংসা লাভ করে। অন্য দুটি গবেষণাপত্র যথাক্রমে কারিগরি শিক্ষায় দক্ষতার ব্যবধান এবং বিইউবিটিতে শিক্ষার্থী ভর্তি ও ঝরে পড়ার কারণ নিয়ে ছিল। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ গোলাম সামদানী ফকির শেষোক্ত গবেষণাটিকে “অসাধারণ গবেষণা কর্ম” বলে অভিহিত করেন।
সম্মেলনে অধ্যাপক আলী পাঠ্যক্রম উদ্ভাবন ও ফলাভিত্তিক শিক্ষা সংক্রান্ত সেশনের সভাপতিত্ব করেন এবং আইকিউএসি ফোরামে উচ্চশিক্ষার মানোন্নয়নে বেশ কয়েকটি বাস্তবমুখী প্রস্তাব উপস্থাপন করেন।
গুগল স্কলার অনুসারে, ড. মুহম্মদ মাহবুব আলীর গবেষণা ইতোমধ্যে প্রায় ২৩০০ বার উদ্ধৃত হয়েছে।
এসব অর্জন বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।





