এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি, প্রকাশ হলো প্রথম ম্যাগাজিন ‘জানালা’

এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি, প্রকাশ হলো প্রথম ম্যাগাজিন ‘জানালা’ - Surma Times | Sylhet News
এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি, প্রকাশ হলো প্রথম ম্যাগাজিন ‘জানালা’ - Surma Times | Sylhet News
মসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের র‌্যালিতে অতিথিবৃন্দ।

সিলেট, ১৪ সেপ্টেম্বর:   সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শুধু শিক্ষার্থীদের লেখনী শক্তি বাড়ায় না, ভবিষ্যৎ নেতৃত্ব গঠনেও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা, পাশাপাশি ক্যাম্পাসের নানা অসঙ্গতি দূর করতেও এর গুরুত্ব অপরিসীম। গত ১০ বছর ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ঠিক এই ভূমিকাই পালন করে আসছে। ক্যাম্পাসের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি গঠনমূলক সমালোচনার মাধ্যমে কলেজের সুনাম অক্ষুণ্ণ রেখেছে সংগঠনটি। শুধু লেখালেখিতেই সীমাবদ্ধ থাকেননি তাঁরা, বিভিন্ন প্রয়োজনে করেছেন সামাজিক কাজও। এমনকি করোনাকালীন সংকটময় মুহূর্তেও এই সংগঠনের কর্মীরা দেখিয়েছেন দায়িত্বশীলতার পরিচয়। আগামী দিনেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বক্তারা।

গতকাল রোববার এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের একমাত্র সাংবাদিক সংগঠন হিসেবে পরিচিত এই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। বৃক্ষরোপণ, র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয় সংগঠনের এক দশকে পদার্পণ। অনুষ্ঠানে প্রকাশিত হয় রিপোর্টার্স ইউনিটির প্রথম ম্যাগাজিন ‘জানালা’।

বক্তারা বলেন, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থরক্ষায় সোচ্চার ছিল। সত্য ও ন্যায়ের পক্ষে এই সংগঠনের কলম আগামী দিনেও সচল থাকবে বলে আশা প্রকাশ করেন তাঁরা। তাঁদের ভাষায়, রিপোর্টার্স ইউনিটির লেখনীর মাধ্যমেই এগিয়ে যাবে সিলেটের শতবর্ষী এই প্রতিষ্ঠান। এমসি কলেজের গৌরব, ঐতিহ্য ও সম্ভাবনাকে গণমাধ্যমে সুন্দর ও সাবলীলভাবে তুলে ধরায় সংগঠনটির ভূমিকার প্রশংসা করেন বক্তারা। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার এই ধারা অব্যাহত রাখার জন্য সংগঠনের সদস্যদের জানানো হয় ধন্যবাদ ও শুভকামনা।

দিনের কর্মসূচি শুরু হয় সকাল সাড়ে ১১টায়, রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে। এরপর বের হয় একটি বর্ণাঢ্য র‌্যালি, যা গিয়ে শেষ হয় এম সাইফুর রহমান ভবনে। সেখানে ভবনের মনোবিজ্ঞান বিভাগের ১২০২ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয় মূল আলোচনা সভা।

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লবীব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, সংগঠনের সাবেক উপদেষ্টা তথা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, সংগঠনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শৈলেন্দ্র মোহন সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মো. মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম এবং ডেইলি ওয়াদার সাংবাদিক মোহাম্মদ আলী মাজেদ।

এছাড়া বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আজহার উদ্দিন শিমুল, আশরাফ আহমেদ ও মো. মুছলেহ উদ্দিন মুনাঈম এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব হোসাইন। রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামী, শিবির সভাপতি আবু তাহের মিছবাহ এবং ছাত্র-মজলিসের অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ।

রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিহারের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফিজ বুলবুল আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. বদরুল আমিন, আর স্বাগত বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ মেহেদী হাসান তানিম।

অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য দিক ছিল এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির প্রথম ম্যাগাজিন ‘জানালা’র প্রকাশনা। আলোচনা সভা শেষে মোড়ক উন্মোচন করা হয় ম্যাগাজিনটির। ম্যাগাজিনের প্রচ্ছদ তৈরি করেছেন সংগঠনের সাবেক নির্বাহী সদস্য শাহ রাকিবুল হাসান রাফি, আর প্রচ্ছদ তৈরিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে দেওয়া হয় সম্মাননা স্মারক।

অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সদ্য সাবেক সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমকে ক্রেস্ট দিয়ে জানানো হয় বিদায় সংবর্ধনা। এরপর কেক কেটে উদযাপন করা হয় সংগঠনের এক দশকে পদার্পণ। উপস্থিত অতিথি ও সদস্যদের মধ্যে বিতরণ করা হয় মিষ্টি ও নাস্তা। অনুষ্ঠানের এক পর্যায়ে সংগঠনের সহযোগী সদস্য নূর আলম পরিবেশন করেন একটি দেশাত্মবোধক গান, যা পুরো আয়োজনে যোগ করে বাড়তি আবেগ।

এক দশকের এই পথচলায় এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি প্রমাণ করেছে, শিক্ষার্থীদের হাতে গড়া একটি সংগঠনও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রাতিষ্ঠানিক ঐতিহ্য রক্ষায় কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে। ‘জানালা’ ম্যাগাজিনের প্রকাশনার মধ্য দিয়ে সংগঠনটির নতুন অধ্যায় শুরু হলো বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article