
বিশ্বনাথ (সিলেট), ৫ নভেম্বর: দীর্ঘ প্রায় ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন সিলেটের বিশ্বনাথ পৌর শহরের শতবর্ষী প্রাচীন বিদ্যাপীঠ রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে গেলেন এই শিক্ষক।
আব্দুল আজিজ ২০১৪ সালের ২০ অক্টোবর রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন ১২ বছর ১৫ দিন। এর আগে প্রায় ২১ বছর তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কাজ করেছেন। সব মিলিয়ে ৩৩ বছর ৮ মাস ২১ দিনের শিক্ষকতা পেশার দায়িত্ব এই সংবর্ধনার মাধ্যমে শেষ হলো।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক হাসানুজ্জামান চৌধুরী, ফয়জুল ইসলাম এবং সাবেক ক্রীড়া শিক্ষক নাজমুল ইসলাম।
শুরুটা হয় ধর্মগ্রন্থ পাঠে। কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী রাব্বী, গীতা থেকে পাঠ করেন শিক্ষার্থী আকাশ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হুমায়ুন কবির। এরপর সংবর্ধিত শিক্ষকের হাতে তুলে দেওয়া হয় মানপত্র। সেটি পাঠ করেন শিক্ষক তাতিয়া বেগম ও জিল্লুর রহমান, শিক্ষার্থী রাবেয়া বেগম, ইন্দ্রাণী দেবী, ফাতেমা জহুরা, হুমায়রা বেগম ও সুমাইয়া আক্তার বর্ণালী এবং প্রাক্তন শিক্ষার্থী সূর্য। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তর বিশ্বনাথ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সালমা আক্তার, দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাছানুজ্জামান, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম এবং আল-আজম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল আহাদ। বক্তব্য রাখেন ইয়াছিন উল্লাহ বেতসান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রইছ উদ্দিন, শাহপিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীরও। এ ছাড়া ছিলেন দশঘর এনইউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হান্নান, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহান মিয়া, দক্ষিণ বিশ্বনাথ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৃণাল কান্তি এবং হযরত ওমর ফারুক (রা.) একাডেমির প্রধান শিক্ষক মর্তুজ আলী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিন বেগম ও নন্দ রানী দাস। সংবর্ধিত শিক্ষকের কন্যা, নর্থ ইস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থী জুমায়রা তাসনিম আনিকাও বক্তব্য দেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে আব্দুল আজিজ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর এই অকৃত্রিম ভালোবাসা আমাকে ঋণের বন্ধনে আবদ্ধ করেছে। আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। শিক্ষকতা জীবনে আমি জেনে-শুনে কখনও দায়িত্বে অবহেলা করিনি।”
নিজের শিক্ষকজীবনের কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মঙ্গলের জন্য কখনও শাসন করেছি, আবার কখনও ভালোবাসার চাদরে আগলে রেখেছি। আমার অনেক শিক্ষার্থী আজ দেশে-বিদেশে সুপ্রতিষ্ঠিত, এটিই আমার জীবনের বড় প্রাপ্তি। রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন রাষ্ট্রের উচ্চ আসনে আসিন হয়েছে, ভবিষ্যতে আমি এমন খবর শুনার অপেক্ষায় থাকবো।”
প্রায় সাড়ে তিন দশকের শিক্ষকতা, তার মধ্যে এক যুগেরও বেশি সময় একটি শতবর্ষী বিদ্যালয়ের নেতৃত্ব। এমন পথচলার শেষে সহকর্মী, ছাত্রছাত্রী ও স্থানীয় শিক্ষাঙ্গনের প্রতিনিধিদের এই উপস্থিতি প্রমাণ করে, একজন শিক্ষক কেবল শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ থাকেন না। তাঁর প্রভাব ছড়িয়ে পড়ে তাঁর হাতে গড়া মানুষের মধ্যে, আর সেই স্বীকৃতিই তাঁর সবচেয়ে বড় সম্মান হয়ে থাকে।






