সিলেট, ৪ নভেম্বর: মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২৪৫টি ভারতীয় কম্বল ও একটি কাভার্ড ভ্যানসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গত ৩ নভেম্বর দুপুর ১২টা ৫ মিনিটে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস পয়েন্ট সংলগ্ন সিরাজ উদ্দিন আহমদ একাডেমি ও সিরাজ কিন্ডার গার্টেন স্কুলের গেটের বিপরীত পাশে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানে ঢাকা মেট্রো অ-১১-৪৫২০ নম্বরের কাভার্ড ভ্যান থেকে ২৫টি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা অবস্থায় ২৪৫টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা।
গ্রেফতার ব্যক্তিরা হলেন আছকির মিয়া (৩৫), পিতা আব্দুর রশিদ, মাতা মিনারা খাতুন এবং ওই গাড়ির হেলপার মো. আরিফ হোসেন (২৫), পিতা জহুর আলী, মাতা বকুল হাসান। তাঁদের দুজনের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার রানীগাঁও পোস্ট অফিসের গাভীগাঁও গ্রামে।
উক্ত ঘটনার বিষয়ে মোগলাবাজার থানায় মামলা নম্বর ০২, তারিখ ৪ নভেম্বর রুজু করা হয়েছে। মামলাটি দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞপ্ত আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএমপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পণ্য চোরাচালান ও অবৈধ মজুত প্রতিরোধে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। বার্তাটি পাঠান এসএমপি সিলেটের ডিসি-সিটিএসবি মো. আফজাল হোসেন।






