চুনারুঘাটে বালু মাফিয়াদের মেশিন-পাইপ ধ্বংস, পালিয়ে গেলেন জড়িতরা

চুনারুঘাটে বালু মাফিয়াদের মেশিন-পাইপ ধ্বংস, পালিয়ে গেলেন জড়িতরা - Surma Times | Sylhet News

চুনারুঘাটে বালু মাফিয়াদের মেশিন-পাইপ ধ্বংস, পালিয়ে গেলেন জড়িতরা - Surma Times | Sylhet News

চুনারুঘাট (হবিগঞ্জ), ৪ নভেম্বর: হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অভিযানের খবর পেয়ে পালিয়েছেন অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ব্যক্তিরা। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার ৫ নম্বর শানখলা ইউনিয়নের পানছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ারের নেতৃত্বে অভিযানে চুনারুঘাট থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসনের অভিযানের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনে জড়িত ব্যক্তিরা বনের ভেতরে পালিয়ে যান। পরে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়।

চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার জানান, একই অভিযানে আদালতের আদেশ বাস্তবায়নে সরকারি খাস খতিয়ানভুক্ত কবরস্থানের সীমানা চিহ্নিত করা হয়েছে। এ সময় বিরোধে জড়িত পক্ষগুলোকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

তিনি আরও জানান, সরকারি সম্পত্তি রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের ভাষ্য, পানছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে নদী ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে অবৈধ বালু উত্তোলন অনেকাংশে বন্ধ হবে বলে আশা করছেন তাঁরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article