চুনারুঘাটে অবৈধ জ্বালানি কাঠ জব্দ, বনদস্যু চক্রের অভিযোগ

চুনারুঘাটে অবৈধ জ্বালানি কাঠ জব্দ, বনদস্যু চক্রের অভিযোগ - Surma Times | Sylhet News

চুনারুঘাটে অবৈধ জ্বালানি কাঠ জব্দ, বনদস্যু চক্রের অভিযোগ - Surma Times | Sylhet Newsহবিগঞ্জ, ২৭ সেপ্টেম্বর: চুনারুঘাট উপজেলার সাতছড়ি রেঞ্জের তেলমাছড়া বন বিটের ভিলেজার পাড়া থেকে সেগুন ও আকাশমণি গাছের অবৈধ জ্বালানি কাঠ জব্দ করেছে বন বিভাগ।

রবিবার দুপুর প্রায় ১২টায় রঘুনন্দন রেঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর বন বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা জহিরুল ইসলাম গোপন সংবাদ পেয়ে তার নেতৃত্বে স্টাফদের নিয়ে বিশেষ অভিযান চালান। চুনারুঘাটের সাতছড়ি রেঞ্জের তেলমাছড়া বিটের অধীনস্থ ভিলেজার পাড়া থেকে সেগুন ও আকাশমণি গাছের ২০ বান্ডিল জ্বালানি কাঠ আটক করে জব্দ করা হয়। জব্দকৃত কাঠ জগদীশপুর বন বিট ফরেস্ট অফিসে হেফাজতে রাখা হয়েছে।

সাতছড়ি রেঞ্জের তেলমাছড়া এলাকার কয়েকজন সচেতন ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক থেকে জানান, তেলমাছড়া বন বিট মৌলভীবাজার বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালামের নিয়ন্ত্রণে থাকলেও দীর্ঘদিন ধরে কোনো তদারকি নেই। এ সুযোগে রেঞ্জের কিছু অসাধু কর্মকর্তা ও বন প্রহরীর সংশ্লিষ্টতা রয়েছে। তারা মোটা অংকের অর্থের বিনিময়ে প্রতিনিয়ত রাতের আঁধারে পাচারকারীদের সহযোগিতায় বনাঞ্চলের মূল্যবান বাঁশসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে পাচার করছে। অন্যদিকে জ্বালানি কাঠ ভিলেজার পাড়া এলাকায় রেখে নীরবে দূরদূরান্তে বিক্রি করছে একটি সংঘবদ্ধ বনদস্যু চক্র।

প্রতিদিন সাতছড়ি বনাঞ্চলের বাঁশ ও বিভিন্ন প্রজাতির কাঠের গাছ কাটার ফলে জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। তেলমাছড়া বিট এলাকার ভিলেজার পাড়া থেকে জব্দকৃত সেগুন ও আকাশমণি গাছের জ্বালানি কাঠের মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article