সিলেটে তিন শতাধিক কৃতী শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেটে তিন শতাধিক কৃতী শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা - Surma Times | Sylhet News

সিলেটে তিন শতাধিক কৃতী শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা - Surma Times | Sylhet News

সিলেট, ২১ নভেম্বর। সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়েছে। শনিবার সকাল দশটায় নোয়াপাড়ার সিটি মডেল স্কুলের ক্যাম্পাস-২-এ অনুষ্ঠিত হয় ‘সিটি মেধা সংবর্ধনা প্রদান অনুষ্ঠান-২০২৬’।

সিলেট সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের একত্র করে তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য।

বিশেষ অতিথি ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রশিদ আহমদ, দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী এবং সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুল মুকিত জাহাঙ্গীর। সিটি আদর্শ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক সুনীল রঞ্জন দাশ, সাবেক প্রধান শিক্ষক সুকেশ রঞ্জন তালুকদার, ফাউন্ডেশনের সহ-সভাপতি আশরাফুল ইসলাম চৌধুরী, সিনিয়র সদস্য লিংকন তালুকদার ও নাজমা আক্তার আঁখিসহ আমন্ত্রিত অতিথিরা। সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্য থেকেও কয়েকজন তাদের অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরেন।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। উচ্চশিক্ষা ও কর্মজীবনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। সভাপতির বক্তব্যে আব্দুর রাজ্জাক রাজন শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন। উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য প্রান্ত দাশ। সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সহযোগিতা করে সিটি মডেল স্কাউট গ্রুপ। জিদান, অপু, প্রিয়া, সীমান্ত, পৃতেশ, জিহাদ, মহিমা, সাবিহা ও পূর্ণতাসহ অন্যান্য সদস্য স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করেন। শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article