
সিলেট, ২১ নভেম্বর ২০২৬: সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। শুক্রবার (২০ নভেম্বর) রাতে সিলেট সার্কিট হাউসে সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
বৈঠকে আইনজীবীদের বসার স্থান সংকটের বিষয়টি তুলে ধরেন সমিতির নেতারা। পেশাগত মানোন্নয়ন এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তাও মন্ত্রীকে জানান তাঁরা।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আইনজীবীদের দাবিগুলো শোনেন এবং ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, সিলেটের বিচারপ্রার্থী মানুষ ও আইনজীবীদের সুবিধার্থে অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
আইনজীবী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জোবায়ের বখ্ত জুবের, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আশিক উদ্দিন আশুক এবং সিলেট জেলা যুবদলের সাবেক নির্বাচিত সভাপতি ও সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
এ ছাড়া সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফ, সদস্য সচিব অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমিসহ অন্যান্য নেতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
২১ নভেম্বর এডভোকেট মুমিনুল ইসলাম মোমিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বৈঠকের এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আইনজীবীদের স্থান সংকট নিরসন ও পেশাগত সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি বিচারপ্রার্থী মানুষের সুবিধার্থে অবকাঠামো উন্নয়নের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।






