সিলেটের আতিথেয়তায় মুগ্ধ পর্তুগিজ রাজকন্যা, চা শিল্প নিয়ে আশাবাদ

সিলেটের আতিথেয়তায় মুগ্ধ পর্তুগিজ রাজকন্যা, চা শিল্প নিয়ে আশাবাদ - Surma Times | Sylhet News
সিলেটের আতিথেয়তায় মুগ্ধ পর্তুগিজ রাজকন্যা, চা শিল্প নিয়ে আশাবাদ - Surma Times | Sylhet News
দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এবং সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত রাজকীয় সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠানে পর্তুগালের রাজকন্যা হার হাইনেস ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগানজা, তাঁর স্বামী ডিউক অফ কোইমব্রা দুয়ার্তে দে সুসা আরাউজো মার্টিন্স ও প্রতিনিধি দলের সদস্যদের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।

সিলেট, ২০ নভেম্বর: পর্তুগালের ঐতিহাসিক ব্রাগানজা রাজপরিবারের সদস্য হার হাইনেস ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগানজা (ডাচেস অফ কোইমব্রা) ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে সিলেটে সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সিলেটের মানুষের উষ্ণ আতিথেয়তা, সৃজনশীলতা ও সংস্কৃতির প্রশংসা করেন তিনি। একই সঙ্গে সিলেটের চা শিল্পের সঙ্গে ব্রাগানজা পরিবারের নাম যুক্ত হওয়াকে সম্মান ও দায়িত্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর এয়ারপোর্ট রোডের উইন্ডসর হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এবং সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ যৌথভাবে সংবর্ধনার আয়োজন করে।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সার্বিক সমন্বয়ে ছিলেন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. বদরুজ্জামান সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মো. জিয়াউর রহমান টিটু।

সংবর্ধনায় ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগানজার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্বামী দুয়ার্তে দে সুসা আরাউজো মার্টিন্স (ডিউক অফ কোইমব্রা)। আরও অংশ নেন প্রতিনিধি দলের প্রধান ও লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান স্যার শেখ আলিউর রহমান (কেসিআর, কেজিওআর, ওবিই) এবং জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (ইউনিটার) ডিভিশন ডিরেক্টর মি. আলেকজান্ডার আনিবাল মেহিয়া পেনাফিয়েল।

সিলেটের আতিথেয়তায় মুগ্ধ পর্তুগিজ রাজকন্যা, চা শিল্প নিয়ে আশাবাদ - Surma Times | Sylhet News
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এবং সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত ‘রয়্যাল রিসেপশন অ্যান্ড ডিনার’ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পর্তুগালের রাজকন্যা হার হাইনেস ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগানজা।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা সিলেটের আতিথেয়তায় মুগ্ধতার কথা জানান। তিনি বলেন, সিলেটের ব্র্যান্ডিং, বিশেষ করে এখানকার চা শিল্পের সঙ্গে ব্রাগানজা পরিবারের নাম যুক্ত হওয়া তাঁর জন্য অত্যন্ত সম্মানের। একই সঙ্গে এটি একটি বড় দায়িত্বও।

ডিউক অফ কোইমব্রা দুয়ার্তে দে সুসা আরাউজো মার্টিন্স তাঁর বক্তব্যে আন্তর্জাতিক পরিসরে একটি দেশের পরিচিতি তুলে ধরতে পণ্য ও মানুষের ভূমিকার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, একটি দেশের পণ্য ও মানুষই বিশ্বজুড়ে সেই দেশের প্রকৃত দূত হিসেবে কাজ করে। লন্ডন টি এক্সচেঞ্জ ও ফেয়ার পে চার্টারের মাধ্যমে সিলেটের চা এবং বাংলাদেশকে বিশ্ববাজারে আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি।

প্রতিনিধি দলের প্রধান স্যার শেখ আলিউর রহমান তাঁর বক্তব্যে চায়ের ইতিহাসের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, ১৬৬২ সালে পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিন অব ব্রাগানজা ইংল্যান্ডে চায়ের প্রচলন করেছিলেন। আজ তাঁরই উত্তরসূরি ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা ‘সিলেট টি’ ব্র্যান্ডকে বিশ্বদরবারে পরিচিত করতে এগিয়ে এসেছেন।

চা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার বিষয়েও বক্তব্য দেন স্যার শেখ আলিউর রহমান। পাশাপাশি সিলেটে জাতিসংঘের একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি।

ইউনিটারের ডিভিশন ডিরেক্টর মি. আলেকজান্ডার আনিবাল মেহিয়া পেনাফিয়েল বাংলাদেশের তরুণ জনশক্তি ও শিক্ষার প্রশংসা করেন। সিলেটে জাতিসংঘের একটি নতুন কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে তাঁর পূর্ণ সমর্থনের আশ্বাস দেন তিনি।

সভাপতির বক্তব্যে আব্দুর রহমান রিপন সিলেটের চা শিল্প, পর্যটন, কৃষি ও প্রাকৃতিক সম্পদকে ঘিরে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন। পর্তুগিজ রাজকন্যার মাধ্যমে বাংলাদেশে পর্তুগালের একটি দূতাবাস স্থাপনের অনুরোধও জানান তিনি।

মো. বদরুজ্জামান সেলিম বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকে রাজকন্যার উপস্থিতির প্রশংসা করেন। সিলেটের চা শিল্পের প্রসারে এ সফর মাইলফলক হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন, এসএমপি কমিশনার সারওয়ার মোর্শেদ শামীম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মইন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি ফেরদৌস আলম, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির ইনাম চৌধুরী।

ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নিয়াজ মো: আজিজুল করিম, মোহাম্মদ আলী আকিক, হাজী আব্দুস সোবহান, ফুয়াদ বিন রাশিদ, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মনজুর আহমদ, মীর মোহাম্মদ জাকারিয়া, আতাউর রহমান রজব, রুপম খান, শোয়েব আহমদ অভি, মোহাম্মদ রাসেল আলী, ফরহাদুজ্জামান চৌধুরী ও এনাম আহমদ চৌধুরী প্রমুখ।

বক্তারা সিলেটে বিদেশি বিনিয়োগের অনুকূল ও নিরাপদ পরিবেশের কথা তুলে ধরেন। তাঁদের আশা, এ সফরের মধ্য দিয়ে সিলেটের চা শিল্পের আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ ও পর্তুগালের বন্ধুত্বপূর্ণ এবং বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article