প্রতিমন্ত্রীর বাসার গেইটে আগুন, পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ

প্রতিমন্ত্রীর বাসার গেইটে আগুন, পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ - Surma Times | Sylhet News

প্রতিমন্ত্রীর বাসার গেইটে আগুন, পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ - Surma Times | Sylhet News

সিলেট, ২০ নভেম্বর: সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা ও মহানগর এবং ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। এ সময় তাঁরা ঘটনার খোঁজখবর নেন এবং প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সহমর্মিতা প্রকাশ করেন।

শুক্রবার সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিসিক নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের আমীর মো. আজিজুল ইসলাম ও সেক্রেটারি পারভেজ আহমদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু। এছাড়া স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জামায়াত নেতৃবৃন্দ বলেন, নগরজুড়ে একের পর এক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা উদ্বেগজনক। ইতোমধ্যে নগরীতে ছয়টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনা নগরীর নিরাপত্তা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হচ্ছে।

তাঁরা বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অগ্নিসন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনারও দাবি জানান তাঁরা।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে প্রতিমন্ত্রীর বাসভবনের গলির প্রধান ফটকের ভেতরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article