হবিগঞ্জ, ২৮ নভেম্বর: হবিগঞ্জের মাধবপুর উপজেলার এমপিওভুক্ত চৌমুহনী খুরশিদ হাইস্কুল অ্যান্ড কলেজে সাংবাদিকদের কাছে প্রতিষ্ঠানের অনিয়ম-সংক্রান্ত অভিযোগের কপি সরবরাহের অভিযোগে বিজ্ঞান শাখার চার প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। ২৪ নভেম্বর ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মোহন মিয়ার স্বাক্ষরিত পৃথক নোটিশে তাঁদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।
শোকজপ্রাপ্ত চার প্রভাষক হলেন জীববিজ্ঞান বিভাগের আলমগীর হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের হাবিবুর রহমান, রসায়ন বিভাগের আকিবুর রহমান এবং পদার্থবিজ্ঞান বিভাগের নির্মল চন্দ্র বিশ্বাস।
নোটিশে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পরিচালনা কমিটির সভাপতির বরাবরে একটি অভিযোগপত্র দেওয়া হয়েছিল। কমিটির সিদ্ধান্ত জানানোর আগেই সেই পত্রের অনুলিপি সাংবাদিকদের কাছে সরবরাহ করা হয়েছে। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট শিক্ষকদের। নোটিশে সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও উল্লেখ আছে। জবাব না দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
শিক্ষকদের বক্তব্য ভিন্ন। তাঁদের অভিযোগ, প্রতিষ্ঠানের অন্য অনিয়ম আড়াল করতে এবং তাঁদের দাবিয়ে রাখতে পরিকল্পিতভাবে এ নোটিশ দেওয়া হয়েছে। কোন শিক্ষক কোন সাংবাদিকের কাছে অভিযোগপত্রের কপি দিয়েছেন, নোটিশে তা সুনির্দিষ্টভাবে বলা হয়নি, এমন দাবিও তাঁদের। তাঁদের প্রশ্ন, প্রায় দুই মাস আগের একটি ঘটনাকে কেন্দ্র করে এখন কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শোকজপ্রাপ্ত শিক্ষক নির্মল চন্দ্র বিশ্বাস আরও গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, এমপিওভুক্তির জন্য শিক্ষা সচিবকে দেওয়ার কথা বলে অধ্যক্ষ মোহন মিয়া তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছিলেন। পরে তিনি জানতে পারেন, ওই টাকা অধ্যক্ষের ছেলের বিকাশ অ্যাকাউন্টে জমা হয়েছে। টাকা ফেরত চেয়ে তিনি স্থানীয় চেয়ারম্যান প্রার্থী আফজাল শাহ লিটনের কাছে বিচার দেন। নির্মল চন্দ্রের অভিযোগ, এরপর থেকেই তাঁকে ও অন্য শিক্ষকদের দুর্বল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই শোকজ দেওয়া হয়েছে।
শোকজের বিষয়ে জানতে চাইলে নবমনোনীত পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন বলেন, “তাঁরা অভিযোগের কপি সাংবাদিকদের কাছে দেবেন কেন? এটি অন্যায় করেছেন, সে কারণেই শোকজ করা হয়েছে। পরিচালনা কমিটির নিজস্ব ক্ষমতাবলে আমরা শোকজ করেছি।”
শিক্ষকদের তোলা অভিযোগের বিষয়ে ব্যবস্থা না নিয়ে সাংবাদিকদের কাছে অভিযোগপত্র দেওয়াকে কেন অন্যায় বা আচরণবিধির লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে, এ প্রশ্নের সুস্পষ্ট উত্তর তিনি দেননি।
অধ্যক্ষ মোহন মিয়া অভিযোগগুলোকে “ডাহা মিথ্যা” বলে দাবি করেন। তিনি বলেন, “শোকজ পরিচালনা কমিটির সিদ্ধান্তে করা হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, “প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অভিযোগ আমার কাছে রয়েছে। তারা পড়াশোনার চেয়ে রাজনীতির দিকে বেশি মগ্ন। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় প্রতিক্রিয়াও এসেছে। বিএনপি নেতা ও স্থানীয় ব্যবসায়ী সোহেল মাহমুদ বলেন, “প্রতিষ্ঠানটিতে আওয়ামী লীগ সরকারের আমলেও অস্বচ্ছতা ছিল, এখনো তা বন্ধ হয়নি। আওয়ামী লীগ পদধারী নেতা এই অধ্যক্ষকে ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনতে সংসদ সদস্য মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।”
মাধবপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক রাজিব দেব রাজু বলেন, “সাংবাদিকদের কাছে তথ্য দেওয়া কোনো অন্যায় হতে পারে না। এখানে তো অফিসিয়াল গোপনীয়তা লঙ্ঘনের বিষয় নেই। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা প্রত্যেক প্রতিষ্ঠানের দায়িত্ব। আমি আশাবাদী, শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংসদ সদস্য মহোদয় বিষয়টিতে হস্তক্ষেপ করবেন।”
প্রসঙ্গত, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিদ্যালয়ের তহবিলের লাখ লাখ টাকা আত্মসাৎ, শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধে অনিয়ম, কলেজের দোকান ভাড়া এবং আয়-ব্যয়ের হিসাব-নিকাশে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে একাধিক লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে এখনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন অভিযোগকারীরা।
প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগ, শিক্ষকদের পাল্টা অভিযোগ এবং সাংবাদিকদের তথ্য দেওয়ার ঘটনায় শোকজ, সব মিলিয়ে চৌমুহনী খুরশিদ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার পরিবেশ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। শিক্ষকদের জবাব, পরিচালনা কমিটির পরবর্তী সিদ্ধান্ত এবং শিক্ষা কর্মকর্তার প্রতিশ্রুত ব্যবস্থা কী রূপ নেয়, সেদিকেই এখন নজর থাকবে।






