বাইরে থেকে এসে শুধু শুইতে গেছি। হঠাৎ শুনি বিকট শব্দ

বাইরে থেকে এসে শুধু শুইতে গেছি। হঠাৎ শুনি বিকট শব্দ - Surma Times | Sylhet News

সিলেটে এমপি এমএ মালিকের বাসায় পেট্রোল বোমা, আট দিনে দ্বিতীয় হামলা

বাইরে থেকে এসে শুধু শুইতে গেছি। হঠাৎ শুনি বিকট শব্দ - Surma Times | Sylhet Newsসিলেট, ২৮ নভেম্বর: সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের (এমএ মালিক) বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তেতলিতে এ ঘটনা ঘটে। বাড়ির টিনের চালে আগুন লাগলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে জানায়, রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে একটি পিকআপে করে একদল দুর্বৃত্ত এসে বাসায় পেট্রোল বোমা ছোড়ে। এরপর তারা দ্রুত পালিয়ে যায়। ওই সময় এমপি মালিক বাসায় ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসার নিরাপত্তারক্ষী আগুন দেখে দ্রুত সবাইকে খবর দেন। পরে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনেন।

এমএ মালিকের বক্তব্য

শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমএ মালিক ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, “বাইরে থেকে এসে শুধু শুইতে গেছি। হঠাৎ শুনি বিকট শব্দ, আল্লাহ বাঁচাইছে।” তাঁর ভাষ্য, বাসার দুজন নিরাপত্তাকর্মী দৌড়ে বের হয়ে দেখেন, একটি পিকআপে করে পেট্রোল বোমা ছুড়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাচ্ছে। বাসায় আগুন ধরে গেছে। পরে তিনজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিনির্বাপক যন্ত্র থাকায় রক্ষা পেয়েছেন বলে জানান তিনি। তাঁর কথায়, “আল্লাহ যদি বাঁচাইতে চায়… যদি মিনিটের ভেতরে… ফায়ার এক্সটিংগুইশার থাকার কারণে, না হলে তো বাড়ি এক মিনিটের মধ্যে শেষ হয়ে যেতো।”

বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও মানসিক ক্ষতির কথা জানান এমএ মালিক। তিনি বলেন, “একটা মানসিক ক্ষতি। এখন এই বাড়িতে থাকতে হলে কেউ ভয় পাবে। আমার ওয়াইফ তো কালকে থেকে একধরনের ডিপ্রেশনে চলে গেছে। কারণ এটাতে তারা তো অভ্যস্ত নয়। এটা একটা মানসিক অশান্তি। লাইফের রিস্ক তো আছেই।”

রাজনীতিতে ঝুঁকি থাকে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের অতীত ইতিহাসের কথা উল্লেখ করে তাঁর দাবি, লন্ডনে কয়েকবার তাঁর ওপর হামলা হয়েছে। এমনকি রাশিয়ান হিটম্যান দিয়েও তাঁকে মারার চেষ্টা করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশের বক্তব্য

সিলেট মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র মো. আফজাল হোসেন জানান, ভোরের দিকে একদল দুর্বৃত্ত বাসার বাইরে থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হলে নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

আট দিনে দুই হামলা

এর আগে গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফলে আট দিনের ব্যবধানে সিলেটে দুই রাজনৈতিক ব্যক্তির বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article