সিলেটে জমকালো আয়োজনে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিলেটে জমকালো আয়োজনে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - Surma Times | Sylhet News

সিলেটে জমকালো আয়োজনে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - Surma Times | Sylhet Newsসিলেট, ২৭ নভেম্বর ২০২৬। সিলেটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর। প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুরের স্মৃতিকে ঘিরে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর অংশগ্রহণে প্রীতি পেনাল্টি শুটআউট।

যেখানে গোলরক্ষকের ভূমিকায় ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক ও বিসিবি পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী। প্রীতি পেনাল্টি শুটআউটে তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর শট রুখে দিলেও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শট জাল কাঁপিয়ে দেয়।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। সিলেটের ১৩টি উপজেলা ও সিটি করপোরেশনসহ মোট ১৪টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মন্ত্রীদের প্রীতি পেনাল্টি শুটআউট প্রসঙ্গ টেনে দর্শকদের মাঝে কৌতূহল সৃষ্টি করেন। তিনি বলেন, ‘আমরা তো সব সময় টেলিভিশনে বা রাজনৈতিক অনুষ্ঠানে কথা বলি। যদি সুযোগ দেন, বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদিরের একটা পেনাল্টি কিক দেখতে পারি, শ্রমমন্ত্রী আরিফুল হকের একটা পেনাল্টি কিক দেখতে পারি। আর আমি ক্ষুদ্র মন্ত্রী, আমারও একটা দেখতে পারেন।’

প্রীতি পেনাল্টি শুটআউট

তাঁর এই প্রস্তাবের পরই জমে ওঠে পেনাল্টি পর্ব, যেখানে গোলবার সামলানোর দায়িত্ব নেন আবদুল কাইয়ুম চৌধুরী। পেনাল্টিতে প্রথম শট নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. আমিনুল হক; তাঁর শটটি ঠেকাতে পারেননি কাইয়ুম চৌধুরী।

দ্বিতীয় শট নেওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বল জালে জড়াতে সক্ষম হন। তবে তৃতীয় শটে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কিকটি দারুণ দক্ষতায় রুখে দেন কাইয়ুম চৌধুরী, যা দেখে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। পেনাল্টির শেষ শটটি নেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তাঁর নেওয়া শটটি গোলরক্ষক কাইয়ুম চৌধুরীর মাথার ওপর দিয়ে জালে জড়ালে উপস্থিত দর্শকরা উল্লাসে ফেটে পড়েন।

উপস্থিতি ও বক্তব্য

সিলেটে জমকালো আয়োজনে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - Surma Times | Sylhet Newsএর আগে সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এম এ মালিক ও অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক এবং সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মকসুদ হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব রেজাউল করিম নাচন। এ ছাড়া মহানগর ও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী ম্যাচ

উদ্বোধনী ম্যাচে সিলেট সদর উপজেলা ও জৈন্তাপুর উপজেলা দল পরস্পরের মুখোমুখি হয়। রোমাঞ্চকর ম্যাচে সদর উপজেলা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জৈন্তাপুর উপজেলা ফুটবল দল।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, আগামী বছর জানুয়ারি থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিলেটসহ দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থাকে বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article