সয়াবিন তেলের দাম ধরে রাখা হয়েছে, রমজানে সরবরাহ স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

সয়াবিন তেলের দাম ধরে রাখা হয়েছে, রমজানে সরবরাহ স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী - Surma Times | Sylhet News

সয়াবিন তেলের দাম ধরে রাখা হয়েছে, রমজানে সরবরাহ স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী - Surma Times | Sylhet News

সিলেট, ২৭ নভেম্বর: সয়াবিন তেলের দাম আরও কিছুটা বাড়ার কথা থাকলেও আমদানিকারকদের রাজি করিয়ে তা আটকে রাখা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতিও ভালো আছে বলে জানান তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেএএফসিওর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

## বাজার পরিস্থিতি ও তেলের দাম

রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বাজার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাজারে পণ্যের সরবরাহ স্থিতিশীল। অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ পরিস্থিতিও ভালো। আপাতত এ নিয়ে কোনো সমস্যা নেই।

বাজার স্থিতিশীল রাখার দুটি দিকের কথা উল্লেখ করেন তিনি। একটি হলো পণ্যের সরবরাহ ও পরিমাণ ঠিক রাখা, অন্যটি দাম স্থিতিশীল রাখা।

ভোজ্যতেল প্রসঙ্গে মন্ত্রী বলেন, সয়াবিন ও পাম অয়েলের উৎপাদনস্থল বাংলাদেশ নয়। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম কমলে বা বাড়লে দেশের বাজারেও তার প্রভাব পড়ে।

তাঁর ভাষ্য, প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী সয়াবিন তেলের দাম আরও কিছুটা বেশি হওয়ার কথা। তবে আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দাম ধরে রাখা হয়েছে। এক ধরনের চাপ প্রয়োগ করেও তাঁদের সম্মত করানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মূল্য নির্ধারণ প্রক্রিয়া ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি লিটারের খরচ নির্ধারণ করা হয়। এটি কোনো গোপন হিসাব নয়। সাংবাদিকেরা চাইলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সূত্র সংগ্রহ করে নিজেরাই যাচাই করতে পারবেন।

প্রতিবন্ধীদের জন্য উদ্যোগ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক ও স্বনির্ভর জীবনযাপনের সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করছে। কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি তাঁদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

এ ধরনের মানবিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়ে তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ বলে জানান। মন্ত্রী বলেন, খাদিমনগর এলাকার তরুণ সাইদুল প্রথমে কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ প্রয়োজন এমন ব্যক্তিদের একটি তালিকা তাঁর কাছে উপস্থাপন করেন। পরে শিল্প মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলোচনা হলে কেএএফসিওর সিএসআর কর্মসূচির আওতায় উদ্যোগটি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।

উপকারভোগীদের উদ্দেশে তিনি বলেন, কৃত্রিম অঙ্গ সরবরাহকারী প্রতিষ্ঠান প্রয়োজনীয় অঙ্গপ্রত্যঙ্গ তৈরি ও সরবরাহ করবে। উপকারভোগীরা তা বুঝে পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে অনুদানের অর্থ ছাড় করা হবে। পরবর্তী সময়ে কোনো সেবা বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলেও প্রতিষ্ঠানটি তা নিশ্চিত করবে।

মন্ত্রী জানান, উপকারভোগীদের মধ্যে বিভিন্ন বয়স ও পেশার মানুষ আছেন। কেউ শিক্ষার্থী, কেউ আবার শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও স্কুটার বা ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ তাঁদের কর্মজীবনে ফিরতে ও স্বাভাবিক জীবনযাপনে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, উদ্যোগটি কেবল কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে সীমাবদ্ধ থাকবে না। উপকারভোগীরা আগ্রহী হলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কিংবা এসএমই-সংক্রান্ত কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। কারও ব্যবসার ভালো পরিকল্পনা থাকলে এবং ক্ষুদ্র পুঁজির প্রয়োজন হলে সে বিষয়েও সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে তাঁরা স্বাবলম্বী হয়ে সম্মানজনক জীবনযাপন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিতি

শিল্প মন্ত্রণালয়ের সচিব ও কেএএফসিও চেয়ারম্যান আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান বাবুল মিঞা, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।

এ ছাড়া সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article