
সিলেট, ২৭ নভেম্বর: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার হাদারপার এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই দিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত হাদারপার এলাকায় অভিযান চলে। অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছ অভিযান পরিচালনা করেন। এতে সহযোগিতা করে গোয়াইনঘাট থানা পুলিশ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়াইনঘাটের পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।





