৩১ লাখ প্রাথমিক শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিং কর্মসূচি – সিলেটে যারা পাবেন

৩১ লাখ প্রাথমিক শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিং কর্মসূচি - সিলেটে যারা পাবেন - Surma Times | Sylhet News

৩১ লাখ প্রাথমিক শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিং কর্মসূচি - সিলেটে যারা পাবেন - Surma Times | Sylhet News

ঢাকা, ২৬ নভেম্বর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেটসহ দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলার ৩১ লাখ ৩০ হাজার প্রাথমিক শিক্ষার্থীর জন্য ৫ হাজার ৪৫২ কোটি টাকার স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এ কর্মসূচিতে সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকের কার্যপত্রে এ তথ্য তুলে ধরা হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত তিন বছর মেয়াদে এ কর্মসূচি চলবে।

পাঁচ দিনে একজন শিক্ষার্থীর পেছনে ব্যয় হচ্ছে ১৮৯ টাকা ৬০ পয়সা। সে হিসাবে দৈনিক গড় ব্যয় ৩৭ টাকা ৯২ পয়সা। সিলেটের গোলাপগঞ্জ, মৌলভীবাজারের কুলাউড়া ও শ্রীমঙ্গল, হবিগঞ্জের বাহুবল, সুনামগঞ্জের বিশ্বম্বরপুর, ছাতক, জগন্নাথপুর, জামালগঞ্জ, শাল্লা ও শান্তিগঞ্জ উপজেলাসহ দেশের আট বিভাগের ৬২ জেলার ১৫০টি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচির আওতায় রয়েছে।

কার্যপত্র অনুযায়ী, শিক্ষার্থীদের বয়স, দৈনিক পুষ্টির চাহিদা, স্থানীয়ভাবে খাদ্যের প্রাপ্যতা ও নিরাপদ সংরক্ষণের সুবিধা বিবেচনায় খাবারের তালিকা তৈরি করা হয়েছে। সপ্তাহের রবিবারে বনরুটি ও সিদ্ধ ডিম, সোমবার বনরুটি ও ইউএইচটি দুধ, মঙ্গলবার বনরুটি ও সিদ্ধ ডিম, বুধবার ফর্টিফাইড বিস্কুট ও কলা বা স্থানীয় মৌসুমি ফল এবং বৃহস্পতিবার বনরুটি ও সিদ্ধ ডিম প্রদান করা হবে।

কর্মসূচির আওতায় রয়েছে ১৯ হাজার ৪১৯টি বিদ্যালয়ের ৩১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী। ২০০১ সালে বিশ্ব খাদ্য কর্মসূচির আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশে প্রথম স্কুল ফিডিং কর্মসূচির সূচনা হয়ে তা ২০১০ সাল পর্যন্ত চলমান ছিল। এরপর ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত দারিদ্র্যপীড়িত এলাকায় আরেকটি পৃথক কর্মসূচি চালু ছিল, যার আওতায় শুধু উচ্চমানসম্পন্ন বিস্কুট সরবরাহ করা হতো। নতুন প্রকল্পটি আগের চেয়ে আরও উন্নত ও পুষ্টিনির্ভর।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article