গোলাপগঞ্জে সুন্নী মহাসম্মেলনে ঐক্যের আহ্বান

গোলাপগঞ্জে সুন্নী মহাসম্মেলনে ঐক্যের আহ্বান - Surma Times | Sylhet News

গোলাপগঞ্জে সুন্নী মহাসম্মেলনে ঐক্যের আহ্বান - Surma Times | Sylhet News

সিলেট, ২৫ নভেম্বর। মাসলকগত বিভাজন, পারস্পরিক বিরোধ ও মতাদর্শিক সংকীর্ণতা পরিহার করে ইমাম আবুল হাসান আশআরি (রহ.) ও ইমাম আবু মানসুর মাতুরিদি (রহ.) প্রদর্শিত আকিদাগত আদর্শের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বুধবার মধ্যরাতে গোলাপগঞ্জ উপজেলার লামা কালীকৃষ্ণপুর ঈদগাহ মাঠে আয়োজিত ‘পবিত্র সুন্নী মহাসম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লাম)-এর বংশধারার ৩১তম পবিত্র উত্তরসূরি, আন্তর্জাতিক সফল ইসলাম প্রচারক হযরতুলহাজ্ব শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)।

তিনি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীদের মধ্যে আকিদাগত মৌলিক ঐক্য অক্ষুণ্ণ রেখে পারস্পরিক মতপার্থক্য ও মাসলকগত বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ইমাম আবুল হাসান আশআরি (রহ.) ও ইমাম আবু মানসুর মাতুরিদি (রহ.)-এর প্রদর্শিত আকিদাগত মূলনীতি সুন্নি ইসলামী চিন্তাধারার ঐতিহাসিক ভিত্তি। এই ঐতিহ্য ধারণ করে বিভাজন ও বিদ্বেষের পরিবর্তে ঐক্য, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধার সংস্কৃতি প্রতিষ্ঠা করা সময়ের দাবি।

সুন্নি মুসলিম সমাজের ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, মতপার্থক্য ইসলামের জ্ঞানচর্চা ও ব্যাখ্যাগত ঐতিহ্যের একটি স্বাভাবিক অংশ। তবে মতের ভিন্নতা যেন পারস্পরিক বিদ্বেষ, বিভেদ কিংবা একে অন্যের ধর্মীয় অবস্থানকে হেয় করার কারণ না হয়। ইলমি বিষয়ে মতভিন্নতা থাকলে তা দলিল, প্রজ্ঞা, শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে পর্যালোচনা করতে হবে।

তিনি আরও বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের ঐতিহ্য হচ্ছে মধ্যপন্থা, ভারসাম্য, ইলম, আমল, আখলাক ও রাসূলপ্রেমের সমন্বিত জীবনদর্শন। এই আদর্শের অনুসারীদের দায়িত্ব হলো নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার পাশাপাশি ইসলামের শান্তি, মানবিকতা, সহনশীলতা ও সম্প্রীতির শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়া।

নবীপ্রেম, আহলে বাইতের প্রতি ভালোবাসা, সাহাবায়ে কেরামের প্রতি শ্রদ্ধা এবং ওলি-আউলিয়াদের প্রদর্শিত আত্মশুদ্ধি ও মানবকল্যাণের আদর্শকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিভাজনের পরিবর্তে ঐক্য, বিদ্বেষের পরিবর্তে ভালোবাসা এবং সংকীর্ণতার পরিবর্তে উদারতার চর্চাই হওয়া উচিত সুন্নি সমাজের অগ্রযাত্রার ভিত্তি।

মহাসম্মেলনে সভাপতিত্ব করেন ১১ নম্বর শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া গোলাপগঞ্জ শাখার সভাপতি এম. কবির উদ্দিন। প্রধান আলোচক ছিলেন মইনীয়া নজরুলীয়া দরবার শরীফ, বুড়িচং, কুমিল্লার সাজ্জাদানশীন পীরজাদা খাজা শেখ সাদী আব্দুল্লাহ সাদেকপুরী আল-মাইজভাণ্ডারী।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার প্রচার সম্পাদক আলহাজ্ব মাওলানা শাহ রুহুল আমীন ভূঁইয়া চাঁদপুরী মাইজভাণ্ডারী, রাজধানীর মিরপুর-১ মসজিদে গাউছুল আজমের খতিব মাওলানা মুফতি এইচ. এম. মাকসুদুর রহমান, হাফেজ ক্বারী খাজা বাহাউদ্দীন মাইজভাণ্ডারী, শায়ের মাওলানা মনছুর আলী মাইজভাণ্ডারী এবং মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ কেরামত আলী মাইজভাণ্ডারীসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপির যুগ্ম মহাসচিব শাহ্ মোহাম্মদ ইব্রাহীম মিয়া, আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া গোলাপগঞ্জ শাখার সহ-সভাপতি মো. সাইফ উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ।

মহাসম্মেলন চলাকালে ধর্মীয় আবেগ ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্মেলনস্থল। এ সময় ‘নারায়ে তাকবীর—আল্লাহু আকবর’, ‘নারায়ে রিসালাত—ইয়া রাসুলুল্লাহ’, ‘নারায়ে হায়দারী—ইয়া মাওলা আলী’, ‘নারায়ে গাউছিয়া—ইয়া গাউছুল আজম মাইজভাণ্ডারী’ এবং ‘আহলে সুন্নাত ওয়াল জামাআত জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার ব্যবস্থাপনায় আয়োজিত এ মহাসম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ধর্মীয় ব্যক্তিত্ব, ওলামায়ে কেরাম, সংগঠনের নেতৃবৃন্দ, ভক্ত-আশেকান ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। বক্তারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা, নবীপ্রেম, আধ্যাত্মিক সাধনা, নৈতিক মূল্যবোধ এবং সমসাময়িক সমাজে সুন্নি আদর্শের তাৎপর্য তুলে ধরেন।

মহাসম্মেলনের শেষপর্বে বিশ্বশান্তি, মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি হযরতুলহাজ্ব শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article