বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গোলাপগঞ্জের যুবক গ্রেপ্তার

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গোলাপগঞ্জের যুবক গ্রেপ্তার - Surma Times | Sylhet News

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গোলাপগঞ্জের যুবক গ্রেপ্তার - Surma Times | Sylhet News

সিলেট, ২ নভেম্বর:
সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি জাহিদুল ইসলামকে (২২) নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে নরসিংদী জেলার মনোহরদী থানার মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় র‌্যাব-৯ সদর কোম্পানি, সিলেট ও র‌্যাব-১১ সিপিএসসি, নরসিংদীর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জাহিদুল ইসলাম সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কালিকৃষ্ণপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, ভুক্তভোগী (২৪) ও জাহিদুল একই গ্রামের বাসিন্দা। প্রায় এক বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সময় ভুক্তভোগী তাঁর স্বামীর সংসারে ছিলেন।

অভিযোগ রয়েছে, প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে জাহিদুল তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটাতে প্ররোচিত করেন। তাঁর প্রতিশ্রুতিতে বিশ্বাস করে প্রায় ছয় মাস আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন ওই নারী। পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে জাহিদুল তাঁকে সিলেট শহরসহ বিভিন্ন এলাকায় নিয়ে যান এবং বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ১৩ অক্টোবর সন্ধ্যার পর জাহিদুল ওই নারীকে সঙ্গে নিয়ে গোলাপগঞ্জের কালিকৃষ্ণপুর এলাকায় তাঁর মামা নজমুল মিয়ার বাড়িতে যান। সেখানে রাতে অবস্থানকালে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ওই নারী বিয়ের বিষয়ে জানতে চাইলে জাহিদুল জানান, কয়েক দিনের মধ্যে তিনি প্রবাসে যাবেন এবং দেশে ফিরে তাঁকে বিয়ে করবেন। তবে প্রবাসে যাওয়ার আগেই বিয়ে সম্পন্ন করার জন্য অনুরোধ জানালে একপর্যায়ে তিনি বিয়ে করতে সরাসরি অস্বীকৃতি জানান।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত ১৫ অক্টোবর গোলাপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(খ) ধারায় মামলা করেন। মামলার পর আসামিকে গ্রেপ্তারে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় একমাত্র আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article