গোলাপগঞ্জ: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিন ইউপির বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে উপজেলার ঢাকাদক্ষিন ইউপির দক্ষিণ কানিশাইল গ্রামের মসজিদে কোবার সামনে বাড়িতে এ ঘটনা ঘটে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ প্রায় ছয় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।
বাড়িটির মালিক ঢাকাদক্ষিন ইউপির সাবেক সাধারণ সম্পাদক ছালমান আহমদ। তিনি মৃত ক্বারী ইউসুফ আলীর ছেলে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বিকেল ৩টার দিকে বাড়িওয়ালা ছালমান আহমদের স্ত্রী ও সন্তানদের চিকিৎসার জন্য সিলেটে পাঠিয়ে তিনি কিছু সময় পর ঢাকাদক্ষিনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান। নির্জন বাড়িতে কেউ না থাকার সুযোগে দুবৃত্তরা বাড়ির স্টিলের জানালার রড ভেঙে ভিতরে প্রবেশ করে। রাত ৯টার পরে ছালমান আহমদ বাড়িতে এসে জানালার রড ভাঙা দেখতে পান এবং প্রতিবেশী ও নিকটাত্মীয়দের অবগত করেন।
বাড়ি ফাঁকা থাকার সুবাদে ঘরে প্রবেশ করে দুবৃত্তরা ২টি স্টিলের আলমিরা, টেস্ট ড্রয়ার ও ওয়ারড্রপ ভেঙে তছনছ করে। এ সময় ঘরে থাকা স্ত্রী ও মেয়ের লকেটসহ ২টি স্বর্ণের চেইন, ৪ জোড়া কানের দুল, হাতের ৫টি আংটি, নগদ টাকা, কাপড়চোপড় ও ইলেকট্রনিক্স মালামাল নিয়ে যায়।
পরবর্তীতে খবর পেয়ে স্থানীয় লোকজন, সাংবাদিক ও গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। দিনের বেলায় চুরি হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদকের আস্তানা গড়ে ওঠায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। মাদক ও অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠবে বলে মনে করছেন তারা।
এলাকাবাসী চুরিছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই অনুপম দেবনাথ ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ছবেদ আলী জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে চুরির বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।






